‘ব্যাকফুটে অস্ট্রেলিয়া’: বাংলাদেশের দাপটে মুগ্ধ পন্টিং-ওয়ার্নার

শতক হাঁকানোর পর উদযাপন করছে তানজিদ তামিম
ক্রিকেট
এখন মাঠে
1

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ সাবেক ক্রিকেটাররা। রিকি পন্টিংয়ের চোখে অজিরা এখন ব্যাকফুটে, ডেভিড ওয়ার্নারের মতে পিঠ দেয়ালে ঠেকে গেছে অস্ট্রেলিয়ার। বাসিত আলী দেখছেন বাংলাদেশের আধিপত্য, আর রবিচন্দ্রন অশ্বিনের চোখে এটি অবিশ্বাস্য এক কামব্যাক।

ডারউইন টেস্টে বাংলাদেশের দাপটে এখন চাপে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে ১৫৩ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ টাইগারদের হাতে। আর বাংলাদেশের এমন দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট বিশ্বের তারকারা।

সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংয়ের চোখে, অস্ট্রেলিয়া এখন পুরোপুরি ব্যাকফুটে। তার মতে, অজি ব্যাটারদের ওপর তৈরি হয়েছে তীব্র নার্ভাসনেস। এই মানসিক চাপই আগামী দিনগুলোতে তাদের কুঁড়ে খেতে পারে। দীর্ঘ বিরতির জড়তা থাকলেও, টপ অর্ডারের দুর্বলতার কোনো অজুহাত দেখছেন না পন্টিং।

প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট হওয়ার পর তানজিদ তামিম ও শান্তর ব্যাটিং দাপটেও বিস্মিত তিনি। পন্টিংয়ের মতে, অস্ট্রেলিয়ার সামনে এখন কঠিন পরীক্ষা।

আরও পড়ুন:

আরেক সাবেক অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের চোখেও একই চিত্র। তার সরাসরি কথা— বাংলাদেশ এখন পুরোপুরি চালকের আসনে, আর অস্ট্রেলিয়ার পিঠ দেয়ালে ঠেকে গেছে।

তবে বাংলাদেশের এই লড়াই শুধু অস্ট্রেলিয়াকেই নয়, মুগ্ধ করেছে ভারতকেও। কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করিয়ে দিয়েছেন প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হওয়া দলটিই টেস্টে এমন দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। তার চোখে এটি অবিশ্বাস্য এক কামব্যাক।

বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীও। তার ভাষায়, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বাংলাদেশ অস্ট্রেলিয়াকে রীতিমতো নাচিয়ে ছেড়েছে। তানজিদের ব্যাটিংয়ের প্রশংসা করে বাসিতের দাবি রান আউট না হলে এই তরুণ ব্যাটার দ্বিশতকও পেতে পারতেন। অস্ট্রেলিয়াকে শত ওভারের বেশি ফিল্ডিং করানোই বাংলাদেশের বড় কৃতিত্ব বলেও মনে করেন তিনি।

আরও পড়ুন:

পন্টিংয়ের উদ্বেগ, ওয়ার্নারের স্বীকারোক্তি, বাসিতের প্রশংসা আর অশ্বিনের মুগ্ধতা সব মিলিয়ে ডারউইনে এখন আলোচনার কেন্দ্রে শুধু বাংলাদেশ।

তৃতীয় দিনে লিড আরও কতটা বাড়াতে পারে টাইগাররা? উত্তর মিলবে মাঠেই। তবে আপাতত অস্ট্রেলিয়ার সামনে একটাই সত্য ডারউইনে নিয়ন্ত্রণ হারিয়েছে স্বাগতিকরা, আর ইতিহাসের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

এসএস