২০১৮ সালের স্যান্ডপেপার কেলেঙ্কারি! আট বছর পরও যেন থামছে না বিতর্ক। উসমান খাজার আত্মজীবনীতে নতুন করে উঠে এসেছে বল টেম্পারিংয়ের অজানা অধ্যায়। সতীর্থদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের পর এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। খাজার দাবি উড়িয়ে দিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন তাঁর বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে।
সিডনিতে সংবাদ সম্মেলনে কামিন্স স্পষ্ট জানিয়ে দেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির জন্য মাঠে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি তিনি জানতেন না। এমনকি তাঁকে বল টেম্পারিংয়ের পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করাও পুরোপুরি ভিত্তিহীন। তাঁর দাবি, অবৈধ পদ্ধতিতে বল বিকৃতির কোনো মাস্টারপ্ল্যান ছিল না।
তিনি বলেন, ‘আমি জানতাম না যে এমন কিছু ঘটছে। আমাকে এবং অন্যদের স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিংয়ের পরিকল্পনাকারী বলা সম্পূর্ণ ভিত্তিহীন।’
খাজার বইয়ে নিজের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগ করেন কামিন্স। তাঁর মতে, বন্ধু হলেও অন্যের জীবন ও সম্মান নিয়ে এমন মন্তব্য করা যায় না। খাজা কেন এতদিন পর এসব তথ্য সামনে আনলেন, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। তবে আইনি পদক্ষেপে যাওয়ার ইচ্ছা নেই বলেও জানিয়েছেন অজি অধিনায়ক।
অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার ক্ষেত্রে গায়ের রঙ ও বর্ণগত পরিচয় বাধা খাজার এমন বক্তব্যও প্রত্যাখ্যান করেছেন কামিন্স। তার মতে, এমন গুরুতর অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ থাকা প্রয়োজন।
আট বছর আগের সেই বিতর্কের রেশ এখনো কাটেনি। বরং খাজার বইয়ের নতুন অভিযোগ আর কামিন্সের কঠোর প্রত্যাখ্যানে পুরোনো ক্ষত আবারও সামনে। প্রশ্ন একটাই স্যান্ডপেপার কেলেঙ্কারির পুরো সত্য কি কখনোই জানা যাবে?





