সাবেক স্ত্রী মুক্তার পরকীয়া থেকে বিবাহবিচ্ছেদ ও ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গ্রেপ্তারকৃতরা।
আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) সকালে এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
আটককৃতরা হলেন—নিহত রাসেলের সাবেক স্ত্রী ও সানুখালী গ্রামের আব্দুল মন্নানের মেয়ে ফারজানা আক্তার মুক্তা, তার বোন নাদিয়া সুলতানা রত্না এবং মুক্তার বর্তমান স্বামী খাগড়াছড়ির রামগড় থানার গুইয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সেলিম।
এসআরবি জানায়, প্রেমের সম্পর্কের সুবাদে ১২ বছর আগে রাসেলের সঙ্গে মুক্তার বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।
আরও পড়ুন:
গত কয়েক বছর ধরে সেলিমের সঙ্গে মুক্তার পরকীয়া সম্পর্কের জেরে রাসেলের সঙ্গে পারিবারিক কলহ দেখা দেয়। এর ফলে মুক্তা রাসেলকে ডিভোর্স দেন। কিন্তু রাসেল বিষয়টি মেনে নিতে পারেননি এবং তিনি পুনরায় মুক্তার সঙ্গে সংসার করার চেষ্টা করেন। চলতি বছরের অক্টোবর মাসে সেলিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুক্তা। বিষয়টি জানাজানি হলে রাসেল মুক্তার বাড়িতে যাতায়াত আরও বাড়িয়ে দেন।
এসআরবি আরও জানায়, গত ৬ নভেম্বর রাসেলের মুঠোফোনে কল দিয়ে তাকে তাদের বাড়িতে আসতে বলেন মুক্তা। ওই কল পেয়ে রাত ১০টার দিকে মুক্তার বাড়িতে আসেন রাসেল। পরবর্তীতে বিভিন্ন বিষয় নিয়ে রাসেল ও মুক্তার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে অপর আসামিদের সহযোগিতায় পরিকল্পিতভাবে রাসেলকে হত্যা করেন মুক্তা। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে রাসেলের মৃতদেহ কম্বল দিয়ে মুড়িয়ে মাটিচাপা দেন মুক্তা ও অন্য আসামিরা।
গতকাল (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) পুলিশ মাটিচাপা দেয়া অবস্থায় নিহতের মৃতদেহ উদ্ধার করে। পরে এ ঘটনায় রাসেলের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলার ভিত্তিতে এসআরবি-১১ বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার যাত্রাবাড়ীর কদমতলা এলাকা থেকে মুক্তা ও রত্নাকে এবং পরবর্তীতে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে সেলিমকে আটক করে। শুক্রবার দুপুরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের চাটখিল থানায় হস্তান্তর করা হয়।





