সার ও জ্বালানির সংকট: শ্রমিকের বাড়তি মজুরির চাপে মুড়িকাটা পেঁয়াজচাষিরা

একজন পেঁয়াজ চাষি
এখন জনপদে , গ্রামীণ কৃষি
কৃষি
0

শীত মৌসুমে দেশের পেঁয়াজের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফরিদপুর ও পাবনা অঞ্চলে উৎপাদিত আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ। তবে চলতি মৌসুমে সার ও জ্বালানির সংকট, শ্রমিকের বাড়তি মজুরি এবং কৃষি উপকরণের ঊর্ধ্বমুখী দামে বেড়েছে উৎপাদন খরচ। এতে বাড়তি বিনিয়োগ করেও কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন পেঁয়াজচাষিরা।

রোপণের মাত্র ৬০ দিনের মধ্যেই মুড়িকাটা পেঁয়াজ ঘরে তোলা যায়। আগাম উৎপাদিত এ পেঁয়াজ শীতের শুরুতে বাজারে সরবরাহ বাড়িয়ে চাহিদা মেটাতে সহায়তা করে। কিন্তু মৌসুমের শুরুতেই উৎপাদন ব্যয়ের চাপ কৃষকদের দুশ্চিন্তা বাড়িয়েছে।

ফরিদপুরের অম্বিকাপুর এলাকার চাষি রইচ ইসলাম, শেখ আলমগিরসহ কয়েকজন চাষিদের অভিযোগ, চাহিদার তুলনায় সার সরবরাহ কম থাকায় প্রয়োজনীয় সার সংগ্রহ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

বিশেষ করে, ডিএপি সার সরকারি নির্ধারিত বস্তাপ্রতি ১ হাজার ৫০ টাকা দরে পাওয়ার কথা থাকলেও কোথাও কোথাও তা দুই হাজার টাকা পর্যন্ত দামে কিনতে হচ্ছে। অতিরিক্ত দাম দিয়েও চাহিদামতো সার পাওয়া যাচ্ছে না বলে জানান তারা।

শুধু সার নয়, জ্বালানি ও শ্রমিকের মজুরিও বেড়েছে। জমি প্রস্তুত, সেচ, চারা রোপণ ও ফসল ঘরে তোলাসহ উৎপাদনের প্রতিটি ধাপেই আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে কৃষকদের। ফলে বিঘাপ্রতি উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

অন্যদিকে উৎপাদন উপকরণের দাম বাড়লেও কৃষিপণ্যের বিক্রয়মূল্য একই অনুপাতে বাড়ছে না। ফলে বাড়তি বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত মুনাফা পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কোনো কারণে ফলন কম হলে কিংবা বাজারে পেঁয়াজের দাম কমে গেলে লোকসানের আশঙ্কাও রয়েছে।

আরও পড়ুন:

সদর উপজেলার আদমপুর এলাকার পেঁয়াজচাষিরা কাশেম বিশ্বাস, মো. দুলাল ফকির বলেন, ‘সার, জ্বালানি ও শ্রমিকের খরচ প্রতিনিয়ত বাড়ছে। সময়মতো সার না পাওয়ায় বেশি দাম দিয়ে তা সংগ্রহ করতে হচ্ছে। কিন্তু উৎপাদিত পেঁয়াজ বিক্রি করে বাড়তি খরচ কতটা পুষিয়ে নেয়া সম্ভব হবে, তা নিয়ে তারা উদ্বিগ্ন।’

ফরিদপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের মতে, ফরিদপুর ও পাবনা অঞ্চলের মুড়িকাটা পেঁয়াজ শীত মৌসুমের শুরুতে দেশের বাজারে সরবরাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসময় অন্যান্য অঞ্চলে পেঁয়াজের সরবরাহ তুলনামূলক কম থাকায় আগাম জাতের এ পেঁয়াজের ওপর বাজারের একটি বড় অংশ নির্ভর করে। তাই উৎপাদন ব্যাহত হলে বাজারে সরবরাহ ও দামের ওপরও এর প্রভাব পড়তে পারে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহদুজ্জামান জানান, চলতি খরিপ-২ মৌসুমে জেলায় ৫ হাজার ৮৮৫ হেক্টর জমিতে আগাম জাতের শীতকালীন পেঁয়াজের আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় এক লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে রাসায়নিক সারের সংকট মোকাবিলায় কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে তিনি।

এসএস