ইনিংস হার এড়াতে লিটন-মুশফিকের ব্যাটে তাকিয়ে বাংলাদেশ

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
ক্রিকেট
এখন মাঠে
0

শেষ দিনে ম্যাচ বাঁচানোর ব্যাপারে আশাবাদী পেসার হাসান মাহমুদ। শেষ লড়াইয়ে ভরসা লিটন-মুশফিকের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে সবাই। প্রথম ইনিংসে অসম্ভবকে সম্ভব করার সেই বাংলাদেশই এখন দ্বিতীয় ইনিংসে কঠিন পরীক্ষার মুখে। ইনিংস হার এড়াতেই এখনো প্রয়োজন ৫৭ রান। তবে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ বাঁচাতে পারবে বাংলাদেশ এমনটাই বিশ্বাস করেন তরুণ এই পেসার।

প্রথম ইনিংসে ১৫৭ রানের লিড পাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে শুরুতেই ধস। ৮৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে স্কোর ৫ উইকেটে ১০০। লিটন ১২ ও মুশফিক অপরাজিত ৫ রানে। ইনিংস হার এড়াতে শেষ দিনে প্রয়োজন অন্তত ৫৭ রান। তবে এখনো হাল ছাড়ছেন না হাসান মাহমুদ।

তিনি বলেন, ‘এখানে এখন আমাদের ম্যাচ বাঁচানো ছাড়া কোনো অপশন নাই। কালকে যদি আমরা দুই-তিনটা পার্টনারশিপ বা ভালো একটা দিন শেষ করতে পারি, মানে চেষ্টা করবো অবশ্যই ব্যাটসম্যানরা যাদের সর্বোচ্চ চেষ্টা করবে যে, আমরা যতক্ষণ ধরে রাখতে পারি আর কি। তো আমরা স্ট্রাগল করেছি শুরু থেকেই। এখন যদি দেখেন যে আমরা যদি পার্টনারশিপ করতে পারি, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো যে, আমরা কীভাবে আমরা নিজেদের এখান থেকে সেভ করতে পারি।’

প্রথম ইনিংসে চার উইকেট স্বীকার করেছিলেন হাসান। তবে দক্ষিণ আফ্রিকার লেজের ব্যাটারদের দ্রুত ফেরাতে না পারার আক্ষেপ আছে তার।

হাসান মাহমুদ বলেন, ‘না, আমার কাছে মনে হয় যে ওদের টেলএন্ডাররা যখন আসছিল তখন একটু রান লিক হয়েছে ওই অ্যাট দ্য মোমেন্ট তখন মানে আমরা চেষ্টা করেছিলাম যে আমরা এক জায়গায় বোলিং করে যাবো এবং ডিসিপ্লিন বোলিং করবো, বাট আমি জানিনা সামহাউ হয়নি ওইটা, প্রেশার ওরকম প্রেশার ক্রিয়েট করতে পারেনি টেলএন্ডারদেরকে।’

দ্বিতীয় দিন নিজের বলেই কপালে আঘাত পেয়েছিলেন হাসান। মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখলেও পরে আবার বোলিংয়ে ফিরেছেন। তবে এখন তার সব মনোযোগ দলের লড়াইয়ে। কঠিন পরিস্থিতি থেকে প্রথম ইনিংসের মতো আরেকবার ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় টিম বাংলাদেশ ‍ৃ

এসএস