ধারাবাহিক শব্দের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের সম্পর্ক একেবারেই অধারাবাহিক। নিজেদের ফর্মের তুঙ্গে থেকেও টানা রানের ধারায় দেখা যাচ্ছে না অভিজ্ঞ বা অনভিজ্ঞ কাউকেই। জোহানেসবার্গ টেস্টেও গুরুত্বপূর্ণ সময়ে এসে আবারও যেন ধরাশায়ী বাংলাদেশের ব্যাটিং ইউনিট।
অভিজ্ঞ দুই নাম মুমিনুল হক এবং মুশফিকুর রহিমের কথাই ধরা যাক। জোহানেসবার্গে ব্যর্থ দু’জনেই। তবে এদের মাঝে মুমিনুল হকের ফর্মটাই দুশ্চিন্তার কারণ। টেস্ট স্পেশালিস্ট তকমা পেয়ে যাওয়া মুমিনুল চলতি বছর ঘরের মাঠে রান করেছেন ৪৫.৪ গড়ে। অথচ দেশের বাইরে তার গড় ২৩ এর ঘরে। অন্তত অর্ধেক কম রান করছেন অ্যাওয়ে মাঠে। সেইসঙ্গে ২০২৪ সালের পর থেকে চলতে থাকা সেঞ্চুরিখরা তো আছেই।
আরও পড়ুন:
মুশফিকুর রহিমের অবস্থাও স্বস্তিদায়ক না। চলতি বছর ১৫ ইনিংসে পঞ্চাশের কোটা পেরিয়েছেন মোটে চারবার। বরাবরের মতোই নিজের গড় ৪০-এর কাছাকাছি রেখেছেন। তবে তাতে দলের কতটা উপকার হয়েছে, তা নিয়ে আছে প্রশ্ন। পাকিস্তান সিরিজের বাইরে আর কখনোই দলের জেতা ম্যাচে মুশফিকের ব্যাটে রান আসেনি।
দলের নির্ভরতার প্রতীক লিটন দাসের ব্যাটিং পরিসংখ্যানেও আছে সংখ্যাতত্ত্বের খেলা। ১৫ ইনিংসে ৬০৬ রান করেছেন লিটন। তবে এদের মধ্যে ৪৭০ রান এসেছে ৫ ইনিংসে। বাকি ১০ ইনিংসে করেছেন মোটে ১৩৬। মানে, লিটন রান পেলে খেলছেন বড় ইনিংস। নয়ত ফিরছেন দলের বিপদ বাড়িয়ে। একই অবস্থা মেহেদি হাসান মিরাজের। চলতি বছর ১৫ ইনিংসে মাত্র ২ ফিফটি তার। গড় ২১.২৩। ক্যারিয়ারে অন্তত ৫ টেস্ট খেলেছেন, এমন কোনো বছরেই এত বাজে সময় যায়নি এই অলরাউন্ডারের।
অস্বস্তির বিষয়, বছর ভালো যাচ্ছে না নাজমুল হোসেন শান্ত কিংবা তানজিদ হাসান তামিমেরও। দল হিসেবে খেলতে না পারার ব্যর্থতায় এরইমাঝে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সমীকরণকে বিদায় বলেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে পরের টেস্টে অন্তত বছরকে ভালোভাবে বিদায় দেয়ার চেষ্টাই হয়ত করবে টাইগারদের ব্যাটিং ইনিংস।





