টস জিতে ব্যাট করতে নেমে ১৫ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। চাপের মুখে দলের হাল ধরেন শাহাদাৎ হোসেন দিপু এবং মাহিদুল ইসলাম অঙ্কন। দুই ব্যাটার গড়েন ৯৫ রানের জুটি। তবে ৪২ রান করে আউট হন অঙ্কন।
এরপর আফিফ, সাব্বির বা রুবেল কেউই উইকেটে থিতু হতে পারেননি। সতীর্থদের আসা যাওয়ার মাঝে একাই লড়েছেন দিপু। ষষ্ঠ উইকেটে মেহেরবের সঙ্গে গড়েন ৫২ রানের জুটি। ইনিংসের শেষ ওভারে পেয়েছেন সেঞ্চুরির দেখাও। শেষদিকে টেল এন্ডারদের সঙ্গে নিয়ে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন এ ব্যাটার।
রান তাড়া করতে নেমে ২১ রানে ২ উইকেট হারালেও শাহজাইব খান ও হাসান নাওয়াজের তৃতীয় উইকেট জুটিতে ম্যাচ নিজেদের হাতে নেয় পাকিস্তান। সাজঘরে ফেরার আগে দুই ব্যাটারই পান ফিফটির দেখা।
শেষদিকে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন ফারহান। ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।





