৮ দিনের মধ্যে সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের

ইসরাইলের সাবেক সেনাপ্রধান ও ইয়াশার দলের নেতা গাদি আইজেনকোট
বিদেশে এখন
0

৮ দিনের মধ্যে ইসরাইলে নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন মনোনীত প্রার্থী ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। বিপরীতে একটি আবর্তনশীল সরকার গঠনের প্রস্তাব দিয়ে নেতানিয়াহু বলেছেন, দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটের সঙ্গে পালাক্রমে দায়িত্ব ভাগাভাগি করতে আগ্রহী তিনি। আকস্মিক এই প্রস্তাবে আশ্বস্ত হতে পারছে না খোদ লিকুদ পার্টির একটি বড় অংশ। আর বিরোধী জোটের শরীরদের দাবি, নির্বাচন বানচাল করতে রোটেশনাল সরকারের নামে ফাঁদ পেতেছেন নেতানিয়াহু।

সময় যত ঘনিয়ে আসছে ইসরাইলের নতুন সরকার গঠন নিয়ে বাড়ছে অনিশ্চয়তা, সঙ্গে প্রায় প্রতিদিনই নতুন নতুন সমাধান নিয়ে হাজির হচ্ছেন বেনইয়ামিন নেতানিয়াহু। এবার আবর্তনশীল একটি সরকার গঠনের প্রস্তাব দিয়ে বলেছেন, দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটের সঙ্গে পালাক্রমে দায়িত্ব ভাগাভাগি করতে আগ্রহী তিনি। চ্যানেল টুয়েভের খবর, বিকল্প না থাকায় এই রোটেশনাল সরকারেরে শীর্ষ পদ বিরোধী জোটের নেতা আইজেনকোটকেই দিতে চান নেতানিয়াহু।

ইসরাইলি পার্লামেন্ট নির্বাচনে নবনির্বাচিত আইনপ্রণেতাদের সমর্থনের ভিত্তিতে ইয়াশার পার্টির চেয়ারম্যান আইজেনকোটকে সরকার গঠনের অনুমতি দিয়ে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

সংখ্যাগরিষ্ঠতা পেতে শেষ মুহূর্তের দেন দরবারের মধ্যেই আইজেনকোটের ঘোষণা, এই ৮ দিনের মধ্যেই তার নেতৃত্বে আত্মপ্রকাশ করবে ইসরাইলের নতুন সরকার। পাশাপাশি নেতানিয়াহুর রোটেশনাল সরকার ব্যবস্থা নিয়ে ব্যাপক সন্দেহ প্রকাশ করেছেন ইয়াশার পার্টির প্রধান এই নেতা।

ইতোমধ্যেই লিবারম্যানের দল ‘ইসরাইল বেইতেনু’ এবং ইয়াইর গোলানের ‘দ্য ডেমোক্র্যাটস পার্টি’ এর সঙ্গে জোট বেধেছেন আইজেনকোট। ইয়াশার পার্টিসহ এই ৩ দলের সম্মিলিত আসনসংখ্যা ৩৬টি।

সাবেক প্রধানমন্ত্রী বেনেটের ‘বিয়াচাদ’ পার্টি এই জোটে যোগ দিলেও আসনসংখ্যা দাঁড়ায় ৪৮। যদিও সরকার গঠনের জন্য নেসেটের ১২০ আসনের মধ্যে প্রয়োজন অন্তত ৬১ আসন। কাজেই সরকার গঠনে আরব নেতৃত্বাধীন দল অথবা কট্টর ইহুদি পন্থী একাধিক দলের আসন প্রয়োজন হবে আইজেনকোটের।

এদিকে, আকস্মিক এই প্রস্তাবে আশ্বস্ত হতে পারছে না খোদ লিকুদ পার্টির একটি বড় অংশ। আর বিরোধী জোটের শরীরদের দাবি নির্বাচন বানচাল করতে রোটেশনাল সরকারের প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু।

জেআর