চারদিকে থৈ থৈ করছে পানি। ডুবে আছে নিউজার্সির বেশিরভার সড়ক-মহাসড়ক। পূর্ব উপকূলে থ্যাঙ্কসগিভিং ঝড়ের পর প্লাবিত হয়েছে বেশ কয়েকটি শহর। আকস্মিক বন্যা ও বৃষ্টিতে নাকাল বাসিন্দারা।
ঘণ্টায় ৭০ মাইল বেগে বয়ে যাওয়া দমকা বাতাসে গাছ ও বিদ্যুতের লাইন উপড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় ১০ লাখ গ্রাহক। ভারী বৃষ্টিতে উপকূলীয় এরইমধ্যে অঙ্গরাজ্যগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারের কাছে দুর্যোগ তহবিলের আবেদন জানিয়েছে তারা। এরপরই ফ্লোরিডার বন্যা কবলিত এলাকাগুলোর জন্য জরুরি তহবিল ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, অক্টোবর মাস থেকে রাজ্যটিতে আঘাত হানা ভয়াবহ ঝড় ও বন্যার পরিপ্রেক্ষিতে আমি ফ্লোরিডা রাজ্যের জন্য ফেমাকে বড় ধরনের দুর্যোগ ঘোষণা করছি এবং জরুরি ত্রাণ তহবিল আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছি।’
ভারী বৃষ্টি ও বন্যার প্রকোপ কমতে শুরু করেছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্ধ ও বাতিল হয়ে যাওয়া বিভিন্ন ফ্লাইট স্বাভাবিক হতে শুরু করেছে। যাত্রীদের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে।
যাত্রী একজন বলেন, ‘যাই হোক এটা তো অন্তত শনিবারে হচ্ছে। সুতরাং আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদেরকে সহনশীল হতে হবে। বাইরের আবহাওয়া খুবই অদ্ভুত এবং প্রচণ্ড বাতাসের কারণে ছাতাও বের করা যাচ্ছে না।’
উত্তর পেরুর শহর পিউরায় ভারী বৃষ্টিতে রাস্তাঘাট ও রাজপথ প্লাবিত হওয়ায় জরুরি দলগুলোকে তৎপর হতে হয়েছে। এতে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত একজন বলেন, ‘আমরা ক্ষুব্ধ, কারণ আজ আমরা আমাদের জিনিসপত্র হারিয়েছি, সবাই তাদের জিনিসপত্র হারিয়েছে, কে আমাদের জিনিসপত্র ফিরিয়ে দেবে? এক সেট আসবাবপত্র ও একটি বিছানা কেনার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছিলাম, আর আজ আমরা সবকিছু হারিয়েছি।’
পানি নিষ্কাশন, লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া এবং খাদ্যসামগ্রী সরবরাহসহ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে পেরুর সেনাবাহিনী





