মোহামেডানে নির্বাচন: ১৭ পদে ৩৬ মনোনয়ন বিক্রি, সভাপতি পদে ৪

মোহামেডান স্পোর্টিং ক্লাব
ফুটবল
এখন মাঠে
1

পাঁচ বছর পর আবারও উত্তাপ ছড়াচ্ছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন। মনোনয়নপত্র বিতরণের শেষ দিনেই জমে উঠেছে হিসেব-নিকেশ। ১৭ পদের বিপরীতে বিক্রি হয়েছে ৩৬টি মনোনয়নপত্র, সভাপতি পদেই চার প্রার্থী। তাহলে কি সমঝোতা, নাকি ফিরছে ব্যালটের লড়াই?

পাঁচ বছর পর আবারও নির্বাচনকে ঘিরে সরগরম ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) ছিল মনোনয়নপত্র বিতরণের শেষ দিন, আর শেষ দিনেই জমে ওঠে নির্বাচন নাটক।

ক্লাবের পরিচালনা পর্ষদের মোট ১৭টি পদের বিপরীতে বিক্রি হয়েছে ৩৬টি মনোনয়নপত্র। সভাপতি পদের একটির জন্য লড়াইয়ে নামছেন চারজন, আর পরিচালক পদে ১৬টি আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন ৩২ জন প্রার্থী।

প্রথম তিন দিনে সভাপতি পদের জন্য মাত্র একটি মনোনয়নপত্র বিক্রি হলেও শেষ দিনে আসে বড় চমক। আগে থেকেই সভাপতি পদে মনোনয়নপত্র তুলেছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ। শেষ দিনে তার সঙ্গে যোগ দেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক, শওকত আজিজ রাসেল ও সাজেদ এ এ আদেল।

আরও পড়ুন:

নির্বাচন কমিশনার আনোয়ারুল হক বলেন, ‘এ পর্যন্ত সভাপতি পদের জন্য ৪ জন মনোনয়নপত্র নিয়েছে, আর মেম্বার্সে নিয়েছে ৩২ জন। আমরা ১ তারিখে বুঝতে পারবো যে, আসলে কতটুকু করেন বা মনোনয়নপত্র জমা দেন।’

পরিচালক পদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন পরিচিত মুখ। ফলে ১৬টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতা যে জমজমাট হতে যাচ্ছে, তা বলাই যায়।

নির্বাচন কমিশনার বলেন, ‘একই লোক কিন্তু প্রেসিডেন্ট এবং ডাইরেক্টর নিচ্ছেন। এর ফলে কয়েকটি পোস্টে কিন্তু লোক অতিরিক্ত হয়ে গেলো।

এখন সব চোখ আগামী ১ মার্চের দিকে। মনোনয়নপত্র জমা দেয়ার পরই স্পষ্ট হবে সমঝোতার পথে হাঁটবে মোহামেডান, নাকি পাঁচ বছর পর দেখা যাবে ব্যালটের উত্তাপ।

সব মিলিয়ে, ঐতিহ্যের এই ক্লাব আবারও ফিরছে নির্বাচনি আবহে যেখানে সিদ্ধান্ত নেবে ভোট, কিংবা সমঝোতার সমীকরণ।

এসএইচ