সিঙ্গাপুর ও ভিয়েতনাম ম্যাচের জন্য বাফুফের ক্যাম্প শুরু ১৬ মার্চ

আমিরুল ইসলাম বাবু, বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন
ফুটবল
এখন মাঠে
0

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে ভিয়েতনামের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচ দু’টির জন্য ১৬ মার্চ থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হামজাসহ প্রবাসী ফুটবলারদের কে কবে দলের সঙ্গে যোগ দেবেন এবং বর্তমান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ কবে হবে, তা জানিয়েছে বাফুফে।

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ভিয়েতনামের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবেন ফুটবলাররা। মার্চে হতে যাওয়া ম্যাচ দু’টির আগে দল নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

১৩ মার্চ ম্যাচ দু’টির জন্য ৩০ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে বাফুফে। ১৬ তারিখ শুরু হবে ক্যাম্প। সেখান থেকে ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে ২৩ জনের চূড়ান্ত দল।

২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচের আগে হামজাসহ প্রবাসী ফুটবলাররা কে কবে দলের সঙ্গে যোগ দেবেন তা জানান বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। হামজার ইনজুরির সবশেষ অবস্থাও জানান তিনি।

আরও পড়ুন:

আমিরুল ইসলাম বলেন, ‘হামজা আমাদের সঙ্গে ভিয়েতনামে ২২ তারিখে মিট করবে। ও সরাসরি ভিয়েতনামে চলে আসবে। জায়ান ১৪ তারিখে ঢাকায় আসবে। শমিত ১৫ তারিখে, ফাহমিদুল ১৫ তারিখে ও তারেক কাজী ১৬ তারিখে ঢাকায় আসবে। হামজার সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। হামজার জন্য আমাদের কিছু করতে হবে কি না, তাকে কোনো হেল্প করতে হবে কি না। সেদিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি।’

এদিকে সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ দিয়েই শেষ হচ্ছে ক্যাবরেরার সঙ্গে বাফুফের বর্তমান চুক্তি। এই ম্যাচ শেষে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আমিরুল ইসলাম বলেন, ‘আমরা যখন সিঙ্গাপুরের খেলা শেষ করে যখন ১ তারিখে ঢাকায় আসবো, তারপর আমরা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একটা মিটিং কল করবে, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ন্যাশনাল টিম কমিটিরও চেয়ারম্যান। আমরা সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নেবো।’

এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা আগেই শেষ হয়েছে বাংলাদেশের। তাই মার্চের দুই ম্যাচে ভালো করে র‌্যাংকিংয়ে উন্নতিই বাফুফের লক্ষ্য।

এসএস