বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরির হানা

ইনজুরিতে আর্জেন্টিনা তিন তারকা
ফুটবল
এখন মাঠে
0

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের শুরু হতে বাকি নেই মাস দুয়েকও। এদিকে আর্জেন্টিনার তিন তারকা লাওতারো মার্তিনেজ, এমিলিয়ানো মার্তিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো পড়েছেন গুরুত্বর চোটের কবলে। শিরোপা ধরে রাখার মিশনে থাকা স্কালোনির দলের জন্য যা বড় ধাক্কা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের মহারণ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে লকার রুমে চোটের হানায় দিশেহারা আর্জেন্টিনা। এক নয়, দুই নয় মোট তিনজন তারকা এখন ধুকছেন ইনজুরিতে। যা ক্রমশ শঙ্কা বাড়াচ্ছে আলবিসেলেতা শিবিরে।

ইনজুরির তালিকায় প্রথম নাম, ইন্টার মিলানের স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। পুরোনো চোট কাটিয়ে ফিরেই ফের পেশির ইনজুরিতে পড়েছেন এ আর্জেন্টাইন তারকা। ইতালিয়ান ক্লাব ইন্টারের হয়ে আগামী কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে তার মাঠে নামা এখন অসম্ভব।

আরও পড়ুন:

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচেও হানা দিয়েছে ইনজুরি। টটেনহামের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ক্রিস্টিয়ান রোমেরো সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে গোলকিপার আন্তোনিন কিনস্কির সঙ্গে সংঘর্ষে ডান হাঁটুতে আঘাত পেয়েছেন। অশ্রুসিক্ত চোখে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়া এ ডিফেন্ডারের পরিস্থিতি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন কোচ রবার্তো দে জার্বি।

অন্যদিকে, অ্যাস্টন ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের ঠিক আগমুহূর্তে ওয়ার্মআপের সময় কাফ মাসলের ব্যথায় ছিটকে যান। চলতি মৌসুমে তৃতীয়বারের মতো একই চোটের কারণে ম্যাচ শুরুর ২০ মিনিট আগে খেলা থেকে বিরত থাকতে বাধ্য হলেন এই বিশ্বকাপজয়ী বাজপাখি।

বর্তমানে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট। ১১ জুন বিশ্বকাপ শুরুর আগে দলের তিন স্তম্ভের সুস্থতা নিয়ে শঙ্কা কাটেনি। চোটের কারণে ছন্দপতন ও খেলোয়াড়দের মানসিক স্থিতিশীলতা বজায় রাখা এখন দলের চিকিৎসকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

জেআর