শিরোপার উৎসবের দ্বারপ্রান্তে ইন্টার-বার্সা, অপেক্ষা মাত্র এক পয়েন্ট

ইন্টার ও বার্সা
ফুটবল
এখন মাঠে
0

ইউরোপিয়ান ফুটবলে নিজ নিজ লিগে শিরোপার দ্বারপ্রান্তে আছে দুই হেভিওয়েট ইন্টার মিলান এবং বার্সেলোনা। দুই দলেরই দরকার ১ পয়েন্ট। আজ (রোববার, ৩ মে) রাতে পার্মার বিপক্ষে জয় পেলেই নিজেদের ২১তম লিগ শিরোপা ঘরে তুলবে ইন্টার। আর বার্সাকে অপেক্ষা করতে হতে পারে পরের সপ্তাহ পর্যন্ত।

নয় মাসের লম্বা মৌসুম শেষে এখন শেষের অঙ্কে ইউরোপিয়ান ফুটবল। শিরোপার লড়াই এখন অনেকটাই স্পষ্ট। জার্মানিতে এরই মধ্যে লিগজয় করে ফেলেছে বায়ার্ন মিউনিখ। আজ (রোববার, ৩ মে) রাতে ফল আসতে পারে ইতালি এবং স্পেন থেকেও।

ইতালিতে সিরিআ’র ম্যাচে দুর্বল পার্মার বিপক্ষে খেলতে নামবে ইন্টার মিলান। ঘরের মাঠে এক পয়েন্ট পেলেই নিজেদের ২১তম স্কুডেট্টো বা শিরোপা বুঝে পাবে নেরাজ্জুরিরা। ৩৫ ম্যাচ থেকে ইন্টারের পয়েন্ট হবে ৮০। গতকাল (শনিবার, ২ মে) রাতে নাপোলি কোমোর বিপক্ষে ড্র করায় এমন সুবিধাজনক অবস্থানে ইন্টার। নাপোলি পরের তিন ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলে ইন্টারের পেছনেই থাকবে। সিরিআর শিরোপাটা তাই মিলানের নীল দুর্গে যাচ্ছে, তা একপ্রকার নিশ্চিত।

আরও পড়ুন

শিরোপা নিশ্চিত করতে পারে বার্সেলোনাও। লিগের ৩৪তম ম্যাচে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলের জয়ে নিজেদের কাজটা করেই রেখেছে বার্সা। অ্যাওয়ে ম্যাচে শেষদিকে ৫ মিনিটের ব্যবধানে কাতালানদের হয়ে লক্ষ্যভেদ করেন রবার্ট লেওয়ানডস্কি এবং ফেরান তোরেস। ৮৮ মিনিটে রাউল গার্সিয়া গোল করলেও বিপদ হয়নি বার্সেলোনার। আর তাতেই শিরোপায় এক হাত তাদের।

এ জয়ের পর ৩৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৮৮। রোববার রিয়াল মাদ্রিদ এস্পানিওলের বিপক্ষে পয়েন্ট হারালেই শিরোপা নিশ্চিত করবে বার্সা। অবশ্য বার্সেলোনার সামনে সুযোগ থাকছে রিয়াল মাদ্রিদকে হারিয়েই নিজেদের ২৯তম লিগ টাইটেল নিশ্চিতের। পরের সপ্তাহে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়ালকে আতিথ্য দেবে তারা।

জেআর