বার্সেলোনা ছাড়ছেন রবার্ট লেভানডোভস্কি

রবার্ট লেভানদোভস্কি
ফুটবল
এখন মাঠে
0

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে চার বছরের অধ্যায়ের ইতি টানলেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। মৌসুম শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়ার এ ঘোষণা দিয়েছেন পোল্যান্ডের এ তারকা স্ট্রাইকার। গতকাল (শনিবার, ১৬ মে) ইনস্টাগ্রামে দেয়া এক আবেগঘন বার্তায় বিদায়ের কথা জানান ৩৭ বছর বয়সি এ ফরোয়ার্ড।

পোস্টে লিখেন, চ্যালেঞ্জ আর কঠোর পরিশ্রমে ভরা চার বছর শেষে এখন সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ইনস্টাগ্রামে বার্তায় লেভা বলেন, ‘এখানে প্রথম দিন থেকে সমর্থকদের যে ভালোবাসা আমি পেয়েছি, তা কখনও ভুলব না। এ চার বছরের যাত্রায় এখানে যত মানুষের সংস্পর্শে এসেছি, সবাইকে ধন্যবাদ।’

আরও পড়ুন

২০২২ সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন লেভানডোভস্কি। কাতালান ক্লাবটির হয়ে চার বছরে তিনটি লা লিগা শিরোপাসহ বেশ কয়েকটি ট্রফি জিতেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১১৯ গোল, যা দলের সাফল্যে রেখেছে বড় অবদান।

তবে চলতি মৌসুমটা খুব একটা ভালো কাটেনি তার। চোটের কারণে ছন্দ হারানো এ স্ট্রাইকার লা লিগায় ২৯ ম্যাচ খেললেও মাত্র ১৫টিতে ছিলেন শুরুর একাদশে। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল, যার ১৩টি এসেছে লিগে।

তবু শিরোপা জয়ের আনন্দ নিয়েই বিদায় নিতে পারছেন লেভানডোভস্কি। গুঞ্জন রয়েছে, সৌদি আরব, ইতালি ও যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাব এরই মধ্যে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে।

জেআর