নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত দুই নেতা

নিহত শাহিনুর মোল্যা (বামে) ও সোহেল রানা (ডানে)
এখন জনপদে
অপরাধ
0

নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন— জাসাসের কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক সোহেল রানা এবং পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর মোল্যা। গতকাল (বুধবার, ১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী। বুধবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করে কালিয়া উপজেলার বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সন্ধ্যার পর উপজেলার বেন্দারচর বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগ সমর্থিতরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

পরে স্থানীয়রা আহত সোহেল ও শাহিনুরকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খুলনা মেডিকেলে নেয়ার পথেই তাদের মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

এসএস