এক মঞ্চে ট্রাম্প-পুতিন-শি। ৩৩তম এপেক সম্মেলনের ঐতিহ্যবাহী ফটোসেশনের আগে চললো কুশল বিনিময়, সৌহার্দ্য আর সম্প্রীতির বার্তা দিয়ে শেষ হয়েছে মূল সামিটের প্রথম দিনের আয়োজন। যুদ্ধ, মন্দা আর প্রযুক্তি বিপর্যয়ে ভরা অস্থির বিশ্বে স্বস্তির ফেরানোর সংকল্পে কতখানি অবিচল এপেক জোটের নেতারা- এমন প্রশ্ন উঠছে নানা মহলে।
এবারের সম্মেলনের হট টেক যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের সম্ভাব্য পরিণতি, মার্কিন প্রযুক্তি বাজারে চীনা পণ্যের প্রবেশাধিকার, এইআই আতঙ্ক, দুর্লভ খনিজের সরবরাহ ব্যবস্থা, পারমাণবিক নিরস্ত্রীকরণ, ইরান-ইউক্রেন যুদ্ধের ভবিষ্যতের মতো ইস্যু। বাণিজ্য সংলাপ ও দ্বিপাক্ষিক বৈঠকে গুরুত্ব পাচ্ছে বৈশ্বিক ও আঞ্চলিক এই সংকটগুলো। যদিও বিশ্লেষকদের শঙ্কা, বিশ্বনেতাদের কথার ফুলঝুড়ি আর হাইভোল্টেজ বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ থাকে এইসব সম্মেলন, দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায় না।
ইরান যুদ্ধের কারণে বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত। অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি ছাড়াও এর প্রভাব পড়ছে মুদ্রানীতিতে। এই ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা এবারের সম্মেলনের আয়োজক দেশ চীন। আবার ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোয় মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হয়েছে রিপাবলিকানদের। এমন প্রেক্ষাপটে সংঘাতের ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটন-বেইজিং আলোচনায় নজর সবার।
যদিও বিশ্লেষকরা মনে করেন, বিশ্ববাসীকে সাক্ষী রেখে ইরানে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে না চীন। একই নীতির কারণে তুরুপের তাস আস্তিনের তলায়ই রাখবেন ভ্লাদিমির পুতিন। ক্লোডস ডোর ডিপ্লোমসি নীতিতে চলায় ইরান বা ইউক্রেন সংঘাত বন্ধের আলোচনা হবে শান্তিপূর্ণ, কিন্তু অগভীর।
তবে এইআই প্রযুক্তি এবং এর ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের আগ্রহ সমান-সমান। যুক্তরাষ্ট্রের বাজারে প্রযুক্তি পণ্য বিশেষ করে, চিপ ও সেমিকন্ডাক্টার বিক্রির আগ্রহ আছে বেইজিং-এর। সেই সঙ্গে আছে তাইওয়ানকে ঘিরে হিসাব-নিকাশ। বিপরীতে প্যাসিফিক এশিয়ার দেশগুলোর চীনা প্রযুক্তি পণ্যর ওপর নির্ভরতা আর দুর্লভ খনিজের বাজারে চীনের একচেটিয়া নিয়ন্ত্রণ- কোনোটাই আর সহ্য করতে পারছে না যুক্তরাষ্ট্র।
এছাড়া পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার ব্যাপারে অস্বস্তি আছে বেইজিংর। চীনের দাবি, তাদের পরমাণু অস্ত্রের ভাণ্ডার আয়তনে যুক্তরাষ্ট্র বা রাশিয়ার সমতুল্য না।





