বাংলাদেশের ফুটবলে নিয়মিত সফলতা এনে দিচ্ছেন নারী ফুটবলাররা। যে ধারাবাহিকতায় এবারও সাফের ফাইনালে খেলেছেন ঋতুপর্ণা চাকমারা।
টানা হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন নিয়ে ভারতে গেলেও ফাইনালে স্বাগতিকদের কাছেই পরাজিত হয়ে স্বপ্ন ভঙ্গ হয় পিটার বাটলারের শিষ্যদের। তবে এই পরাজয়কেও সাফল্য হিসেবে দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাইতো সংবর্ধনা দিতে ছুটে গিয়েছেন বাফুফে ভবনে।
আমিনুল হক বলেন, ‘আমরা সবসময় বিজয়ী দলকে বেশি অভিনন্দন জানাতে চাই, বিজয়ী দলকে সবসময় আমরা পুরস্কৃত করতে চাই, বাট হেরে গেলে আমরা খুব বেশি একটু হতাশা প্রকাশ করি কিংবা তাদের সঙ্গে হয়তোবা দেখা করতে চাই না। বাট আমার কাছে মনে হয়েছে যে আমাদের মেয়েরা হারেনি, আমাদের মেয়েরা জিতেছে। কারণ ফুটবল জিতেছে, ফুটবল আমাদের এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ভালো লাগার এবং জয়ের একটি জায়গা।’
আরও পড়ুন:
চ্যাম্পিয়ন হয়ে এর আগে মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থা থেকে অর্থ পুরষ্কার পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এবারও তার ব্যতিক্রম থাকছে না। আলোচনার মাধ্যমে ইতিবাচক সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয় আশ্বাস দিয়েছেন আমিনুল হক।
তিনি বলেন, ‘আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি আমাদের এই নারী ফুটবল টিমের সঙ্গে আমরা একটি গেট টুগেদার করবো, তাদের সঙ্গে বসবো, তাদের কথা শুনবো, তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবে তারা। সো, আমরা যেটি চাই যে আপনারা জানেন যে আমরা সরকারিভাবে কিন্তু আমাদের প্রত্যেকটি ক্রীড়াবিদকে কিন্তু এখন পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রীড়া ভাতা প্রদান করছি, সো তারা কিন্তু একটি গণ্ডির ভেতরে রয়েছে।’
বিদেশের মাটিতে গিয়ে ভালো মাঠে খেললেও দেশে উন্নত মানের মাঠে খেলা কিংবা অনুশীলন করার সুযোগ পাননি ফুটবলাররা। তাইতো সাফে রানার আপ হয়ে সংশ্লিষ্টদের কাছে ভালো মাঠে খেলার সুযোগ চেয়েছেন ফুটবলাররা। আমলে নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।





