কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের প্রথম ১০ মিনিটে আর্জেন্টিনার বল পজিশন ছিল মোটে ৩৪ শতাংশ। তবে, সেখান থেকেই মেসির কর্নারে তাদের ঘুরে দাঁড়ানোর শুরু। লা পুলগার অ্যাসিস্টে ম্যাক অ্যালিস্টারের গোল করে এনে দেন লিড। বিশ্বকাপ ইতিহাসে এটি মেসির ১০ম অ্যাসিস্ট। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ১০ অ্যাসিস্ট এবং ৩০ গোল কন্ট্রিবিউশনের রেকর্ড গড়লেন এলএমটেন। সেইসঙ্গে এমবাপ্পের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে ১০ গোলে অবদানের রেকর্ড করেছেন তিনি।
আরও পড়ুন:
তবে, মেসির রেকর্ডের পরেও ভুগেছে আর্জেন্টিনা। ১-১ গোলে সমতায় থাকা ম্যাচটা তাদের খেলতে হয়েছে অতিরিক্ত সময় পর্যন্ত। বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশিবার অতিরিক্ত সময়ের ম্যাচ খেলা দল এখন আর্জেন্টিনা। ১৩ বার তাদের খেলতে হয়েছে অতিরিক্ত ৩০ মিনিট। যার মাঝে টাইব্রেকারসহ ১১ বারই জয় ছিল তাদের।
আলভারেজের গোলের পরপরই আর্জেন্টিনা গড়েছে নতুন রেকর্ড। বিশ্বকাপে টানা ১২ ম্যাচে একের বেশি গোল আছে তাদের। এর আগে ১৯৩০ থেকে ১৯৫৪ পর্যন্ত বিশ্বকাপে টানা ১১ ম্যাচে একাধিক গোল করেছিল উরুগুয়ে। আর এই ম্যাচ জিতে টানা ১১ জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বেশি জয়ের রেকর্ড।





