ফিফা-উয়েফা’র দ্বিমুখী লড়াইয়ে বড় মোড়

ফিফা ও উয়েফা’র লোগো
ফুটবল
এখন মাঠে
0

‘ফিফা’ এবং উয়েফা’-র মধ্যকার রাজনৈতিক দ্বিমুখী লড়াই এবার বড় ধরনের মোড় নিতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একক প্রভাবের লাগাম টানতে তার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করানোর পরিকল্পনা করছে উয়েফা। আর সেই লড়াইয়ে তারা পাশে চাইছে ফরাসি ক্লাব পিএসজির মালিক নাসের আল-খেলাইফিকে।

বিশ্ব ফুটবলের রাজত্ব ও নীতি নির্ধারণে উয়েফা এবং ফিফার ভেতরের দ্বন্দ্ব বহুদিনের। তবে এই লড়াই এবার আরও তীব্র হচ্ছে। দ্য টেলিগ্রাফের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চেয়ার নড়বড়ে করে দিতে আন্তর্জাতিক ফুটবলে নতুন নেতৃত্ব আনার জোর চেষ্টা চালাচ্ছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা।

আর এই পদের জন্য ইউয়েফার মূল পছন্দ পিএসজির প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি। তিনি কেবল পিএসজির প্রধানই নন, বরং ইউরোপীয় ক্লাব অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং উয়েফা নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য।

কিন্তু প্রশ্ন উঠছে-কেন ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে বা সরাতে এত তৎপর হয়ে উঠেছে ইউরোপ।

এর নেপথ্যে প্রধান কারণ ফিফার বিতর্কিত সূচি এবং বাণিজ্যিক নীতি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উদ্যোগে ৩২ দলের বর্ধিত ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন এবং ৪৮ দলের বিশ্বকাপ প্রবর্তন আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের ম্যাচ সূচিকে চূড়ান্ত জটের মুখে ঠেলে দিয়েছে।

আরও পড়ুন:

উয়েফা এবং ইউরোপীয় ক্লাবগুলোর অভিযোগ, ফুটবলারদের শারীরিক সক্ষমতা ও ক্লাবের স্বার্থ তোয়াক্কা না করে কেবল নিজেদের বাণিজ্য ও আধিপত্য সম্প্রসারণেই বেশি মগ্ন ফিফা। একইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগসহ ইউরোপের মূল ফুটবল স্বত্ব ও বিশ্ব ফুটবলের রাজস্ব বণ্টনে ফিফার একক নিয়ন্ত্রণের চেষ্টাও ভালোভাবে নেয়নি উয়েফা।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ও ইউরোপ-উভয় অঞ্চলেই সমান প্রভাবশালী নাসের আল-খেলাইফিকে ইনফান্তিনোর যোগ্য বিকল্প ভাবছে ইউয়েফা। বিপুল আর্থিক শক্তি এবং ইউরোপীয় ক্লাবগুলোর মধ্যে তার সুসংহত অবস্থান ইনফান্তিনোর বিশ্বব্যাপী আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন ইউরোপীয় ফুটবলের নীতি নির্ধারকরা।

যদিও নাসের আল-খেলাইফি বা উয়েফা আনুষ্ঠানিকভাবে এখনই কোনো প্রার্থীতার ঘোষণা দেয়নি, তবে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানানোর এই তোড়জোড় ইঙ্গিত দিচ্ছে-বিশ্ব ফুটবলের ক্ষমতার মূল মঞ্চে খুব শীঘ্রই বড় ধরনের পটপরিবর্তনের লড়াই শুরু হতে যাচ্ছে।

এসএস