মোনাকোর ড্রতে আজ নির্ধারিত হচ্ছে চ্যাম্পিয়নস লিগের সমীকরণ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ফুটবল
এখন মাঠে
0

চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে আজ নির্ধারিত হবে নতুন মৌসুমের লড়াইয়ের পথ। কার ভাগ্যে কে, প্রতিপক্ষ হবে কারা? এসব নিয়েই ফুটবলপ্রেমীদের কৌতুহল। এই মৌসুমেও ইউরোপ সেরার মঞ্চে আবার ও জমজমাট লড়াইয়ের অপেক্ষা।

ইউরোপ সেরার লড়াইয়ে এবারও থাকছে ৩৬ দলের মহারণ। গত দুই আসরের মতো এবারও নেই আলাদা কোনো গ্রুপ লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। মোনাকোর গ্রিমালদি ফোরামে হবে সেই বহুল প্রতীক্ষিত ড্র। কার সামনে আসছে কোন জায়ান্ট, আর কার ভাগ্যে জুটছে তুলনামূলক সহজ পথ সব প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই।

চ্যাম্পিয়নস লিগের নতুন যুগে প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন পিএসজি। লুইস এনরিকের দল এবার নামছে হ্যাটট্রিক শিরোপার মিশনে। তবে সেই অভিযানের শুরুতেই অপেক্ষা করছে কঠিন পথ।

২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বে সরাসরি জায়গা পেয়েছে ২৯টি দল। ইংল্যান্ড থেকে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও লিভারপুল।

স্পেনের বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল ও রিয়াল বেতিস। ইতালির ইন্টার মিলান, নাপোলি, রোমা ও কোমো। জার্মানি থেকে বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ ও স্টুটগার্ট।

ফ্রান্সের পিএসজি, লাঁস ও লিল; পর্তুগালের পোর্তো ও স্পোর্তিং সিপি; নেদারল্যান্ডসের পিএসভি ও ফেইনুর্ডও সরাসরি খেলবে লিগ পর্বে। সঙ্গে আছে বেলজিয়ামের ব্রুগা, তুরস্কের গালাতাসারাই, ইউক্রেনের শাখতার ও স্লাভিয়া প্রাগ।

বাকি সাতটি জায়গা এসেছে বাছাইপর্বের প্লে-অফ থেকে। সেখানে সাবাহ, বোডো/গ্লিমট, লাস্ক, এইকে এথেন্স বা লেভস্কি সোফিয়া, ভাইকিং বা দিনামো জাগরেব, সেলিয়ে বা স্লোভান ব্রাতিস্লাভা এবং লিওঁ বা ফেনেরবাচের লড়াই থেকে উঠে এসেছে দলগুলো।

এবারের ড্রয়ের নিয়মও বেশ অভিনব। ৩৬ দলকে ভাগ করা হবে চারটি পটে, প্রতিটি পটে নয়টি করে দল। একটি দল প্রতিটি পট থেকে পাবে দুটি করে প্রতিপক্ষ। ফলে লিগ পর্বে প্রতিটি ক্লাবের আট প্রতিপক্ষ নির্ধারিত হবে।

ইএ