বিশ্বকাপের শেষ বত্রিশ থেকেই বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। আর সেই হতাশা ভুলে দলকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব এখন স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্দেজের কাঁধে।
দুই বছরেরও বেশি সময় কোচিংয়ের বাইরে থাকার পর জাতীয় দলের দায়িত্বে ফিরছেন জাভি। ডাচ ফুটবল ফেডারেশনের সঙ্গে তার চুক্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।
রোনাল্ড কুমানের বিদায়ের পর দায়িত্ব নিয়ে শাভি জানিয়েছেন, নেদারল্যান্ডসকে তিনি শুধু প্রতিভাবান খেলোয়াড়দের দল হিসেবে নয়, একটি ঐক্যবদ্ধ ও সাহসী দল হিসেবে দেখতে চান। তাঁর দর্শন পরিষ্কার বল পায়ে নিয়ন্ত্রণ, ম্যাচে আধিপত্য এবং আক্রমণাত্মক ফুটবল। একই সঙ্গে দলের মধ্যে আবেগ, আকাঙ্ক্ষা ও জয়ের ক্ষুধা তৈরি করতে চান এ স্প্যানিশ কিংবদন্তি।
আরও পড়ুন
জাভি হার্নান্দেজ বলেন, ‘আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে, উপভোগ করতে এবং জিততে এসেছি। আমি জোর দিয়ে বলছি, আমরা এখানে জিততে এসেছি।’
নেদারল্যান্ডসের ৪৮ বছরের ইতিহাসে জাভি হার্নান্দেজই হতে যাচ্ছেন প্রথম বিদেশি কোচ। সবশেষ বিদেশি কোচ ছিলেন অস্ট্রিয়ার কিংবদন্তি এর্নষ্ট হ্যাপেল, যার অধীনে ১৯৭৮ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ডাচরা।
এবার জাভি হার্নান্দেজের সামনে প্রথম পরীক্ষাই কঠিন। আগামী ২৪ সেপ্টেম্বর আমস্টারডামে জার্মানির বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ দিয়ে নেদারল্যান্ডসের ডাগআউটে অভিষেক হবে তার।
নতুন কোচ, নতুন দর্শন শাভির হাত ধরে কী আবারও জয়ের পথে ফিরবে ডাচ ফুটবল।





