বাংলাদেশ জাতীয় দলে বংশোদ্ভূত নতুন তিন ফুটবলার

শুকি ইতফুসা (বামে), জিদান আলেকজান্ডার ইউসুফ (মাঝে) ও ফারহান আলী ওয়াহিদ (ডানে)
ফুটবল
এখন মাঠে
0

বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় তিন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফারহান, জিদান আর শুকি। বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ এবার তাদের সামনে। কিন্তু কার গল্পটা বদলে দিতে পারে বাংলাদেশের ফুটবল?

বাংলাদেশ ফুটবল দলে এবার নতুন চমক। জাতীয় দলের ২৩ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন ফুটবলার ফারহান আলী ওয়াহিদ, জিদান আলেকজান্ডার ইউসুফ এবং শুকি ইতফুসা। তিনজনেরই অপেক্ষা এখন জাতীয় দলের জার্সিতে অভিষেকের।

আক্রমণভাগে নতুন আশা হয়ে এসেছেন ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম এফসির সঙ্গে যুক্ত এই ফরোয়ার্ডকে সেন্টার-ফরোয়ার্ড পজিশনে নতুন একটি বিকল্প হিসেবে দেখছেন কোচ থমাস ডুলি। সরাসরি ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন ফারহান।

রক্ষণভাগে নজর কাড়ছেন জিদান আলেকজান্ডার ইউসুফ। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন এই সেন্টার-ব্যাক। আর আক্রমণভাগে আরও একটি বিকল্প জাপানপ্রবাসী শুকি ইতফুসা। জাতীয় দলের ক্যাম্পে কোচের আস্থা অর্জন করেই এবার জায়গা করে নিয়েছেন চূড়ান্ত স্কোয়াডে।

তবে নতুনদের পাশাপাশি দলে থাকছেন হামজা চৌধুরী, সমিত সোম, ফাহামেদুল ইসলাম ও জায়ান আহমেদরাও। গোলরক্ষক সাইফ কেরাওয়ালা এবং অভিজ্ঞ আনিসুর রহমান জিকো অবশ্য এবার জায়গা পাননি। এখন কেবল অপেক্ষা মাঠের লড়াইয়ের।

২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

তিন নতুন মুখ, তিনটি নতুন গল্প; জাতীয় দলের জার্সিতে অভিষেকেই কি নিজেদের ছাপ রাখতে পারবেন ফারহান, জিদান ও শুকি? উত্তর মিলবে মাঠেই।

এসএইচ