এক ধাপ পিছিয়ে নানা নাটকীয়তা ও শঙ্কা পেছনে ফেলে অবশেষে মাঠে গড়িয়েছে বিএফএলের নতুন মৌসুম। উদ্বোধনী দিনে বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছিলো ফর্টিস এফসি ও চট্টগ্রাম সিটি এফসি।
বেশকিছু ক্লাবের লিগ পিছিয়ে দেয়ার আবেদনে যথাসময়ে লিগ মাঠে গড়ানো নিয়ে ছিলো শঙ্কা। তবে সেই আবেদনে সাড়া দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শেষ মুহূর্তে স্বল্প অনুশীলনেই খেলতে নামে অধিকাংশ ক্লাব। তবুও খেলা শুরু হওয়ায় স্বস্তি ছিলো লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের কণ্ঠে।
তিনি বলেন, ‘সব মিলিয়ে বলতে পারেন যে, ঘরোয়া মৌসুম শুরু হওয়ায় আমরা আনন্দিত।’
ফর্টিস এফসি অবশ্য শুরু থেকেই যথাসময়ে খেলা শুরু করতে আগ্রহী ছিলো। বড় জয়ে আসর শুরু করেছে দলটি। আগে পয়েন্ট টেবিলে ওপরের দিকে থাকার প্রত্যাশা করলেও এবার শিরোপা জিততে চায় ফর্টিস।
ফর্টিস খুশি থাকলেও সূচি না পেছানোয় অধিকাংশ ক্লাবই অসন্তুষ্ট। তবে বাফুফে নিজের কাজ যথাযথভাবে পালন করেছে বলেই মনে করেন ইমরুল হাসান।
তিনি আরও বলেন, ‘সব দলকেই সমান দৃষ্টিতে দেখি। একটা চিঠি আমরা পেয়েছি, সেটা বিবেচনায় আছে।’ এছাড়া মোহামেডানের সূচি পেছানোর আবেদন বাফুফে বিবেচনা করছে বলেও জানান তিনি।





