জার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস; জাভির অধীনে প্রথম জয় নেদারল্যান্ডসের

জার্মানি ও নেদারল্যান্ডস ফুটবল টিম
ফুটবল
এখন মাঠে
0

নেশনস লিগে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে তাদেরই মাঠে হারিয়ে এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে গ্রিস। ইতিহাস গড়ার ম্যাচে জয়ের নায়ক দিমিত্রিয়োস। এদিকে লিগে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়ে বার্সেলোনার সাবেক মাস্টারমাইন্ড জাভি হার্নান্দেজের অধীনে নিজেদের প্রথম জয়ের দেখা পেলো নেদারল্যান্ডস। অন্যদিকে সাইডবেঞ্চে বসে থাকা রোনালদো ছাড়াই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পর্তুগাল।

ঘরের মাঠ, চেনা কন্ডিশন আর ডাগআউটে নতুন যুগের কাণ্ডারি ইয়ুর্গেন ক্লপ সব মিলিয়ে ফেভারিট হিসেবেই মাঠে নামে জার্মানি। ম্যাচের শুরু থেকেই ৭৬ শতাংশ সময় বল দখলে রেখে গ্রিক রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় জোশুয়া কিমিচ,কারিম আদেইয়েমিরা। কিন্তু ম্যাচের চিত্রনাট্য যে অন্য কেউ লিখে রেখেছিল। জায়ান্ট জার্মানিকে তাদেরই ঘরের মাঠে স্তব্ধ করে ফুটবলের এক অবিস্মরণীয় রূপকথা লিখলো গ্রিস।

১৯৬০ সাল থেকে জার্মানি ও গ্রিসের চলা দ্বৈরথে দীর্ঘ ৬৬ বছরের খরা কাটিয়ে প্রথম জয়ে নতুন এক ইতিহাস গড়েছে গ্রিকরা। ম্যাচের ৭৪তম মিনিটে বক্সের বাইরে থেকে মিডফিল্ডার দিমিত্রিওস কুরবেলিসের শট জার্মান ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে সোজা জড়িয়ে যায় জালে। পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে উল্লাসে মাতে গ্রিস। শেষ বাঁশি বাজতেই রচিত হয় নতুন ইতিহাস। এ জয়ে দুই ম্যাচে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করলো তারা।

এদিকে নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির সঙ্গে ড্র করার পর কোচ জাভি হার্নান্দেজের সামনে লক্ষ্য ছিলো একটাই যে কোনো মূল্যে জয়। সার্বিয়ার ঘরের মাঠে ডাচরা খেলতে নামে নিজেদের চেনা আগ্রাসী মেজাজে।

আরও পড়ুন

ম্যাচের প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে দুই গোলে করে ডাচদের হয়ে জয়ের নায়ক বনে যান তরুণ ফরোয়ার্ড মেক্স মির্ডিন্ক। লুকা ইয়োভিচের গোলে ম্যাচে সমতা ফেরায় সার্বিয়া। তবে জাভির শিষ্যদের আক্রমণাত্মক ফুটবলের কাছে শেষ পর্যন্ত হার মানে সার্বিয়ার।

এদিকে আলোচনার কেন্দ্রে বরাবরের মতোই ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম ম্যাচে খেলার সুযোগ পেলেও দ্বিতীয় ম্যাচে নরওয়ের বিপক্ষে তাকে রাখা হয় সাইডবেঞ্চে। তবে সিআরসেভেনকে ছাড়া জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি পর্তুগালকে।

রোনালদোর জায়গায় সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন তরুণ তুর্কি গঞ্জালো রামোস। রামোসের দুর্দান্ত ও চোখধাঁধানো গোলেই নরওয়েকে পরাস্ত করে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় পর্তুগিজরা।

নেশনস লিগে আয়ারল্যান্ড ইসরায়েল ম্যাচ নিয়ে বিতর্ক কম হয়নি। মাঠের বাইরের তীব্র মানসিক চাপ পাশে সরিয়ে দাপটে ফুটবল উপহার দেয় আয়ারল্যান্ড। একে একে তিন গোল করে আইরিশরা।

এর আগে গাজায় নিহত সাধারণ ফিলিস্তিনিদের স্মরণে আইরিশ ফুটবলাররা মাঠে নামেন কালো আর্মব্যান্ড পরে। শুধু তাই নয়, ম্যাচ শুরুর আগে ইসরায়েলি খেলোয়াড়দের সঙ্গে প্রথাগত হাত মেলায়নি আয়ারল্যান্ড অধিনায়ক। ইসরায়েলের জাতীয় সংগীত বাজানোর সময়ও আইরিশ ফুটবলাররা মাথা নিচু করে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ জানান।

জেআর