মেসিবিহীন আর্জেন্টিনার গোলবন্যা

গোলের পর উচ্ছ্বসিত আর্জেন্টিনার ফুটবলারা
ফুটবল
এখন মাঠে
0

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মেসি বিহীন আর্জেন্টনিার আরও এক দাপুটে জয়। এস্তাদিও মনুমেন্টালে আফ্রিকান দেশ বুরকিনা ফাসোকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমে এই বিধ্বংসী জয় আলবিসেলেস্তে সমর্থকদের দিচ্ছে বড় স্বস্তি।

বলিভিয়ার বিপক্ষে চার গোলের পর এবার ঘরের মাঠে সাত গোল। দুই ম্যাচে ১১ গোল দিয়ে নিজেদের রক্ষণ অক্ষত রেখে মাঠ ছেড়েছে স্কালোনির আর্জেন্টিনা। তবে স্কোরের খতিয়ানের পেছনে লুকিয়ে আছে বুরকিনা ফাসোর এক চরম নাটকীয় ভ্রমণক্লান্তির গল্পও।

ভ্রমণ জটিলতায় মূল দলের খেলোয়াড়দের আপত্তির মুখে ম্যাচ শুরুর মাত্র সাড়ে ৫ ঘণ্টা আগে আর্জেন্টিনার মাটিতে পা রাখে বুরকিনা ফাসোর অনূর্ধ্ব-২৩ দল নিয়ে গঠিত স্কোয়াড।

৯ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে ভ্রমণ ক্লান্তি কাটানোর সময়টুকুও পায়নি তারা। আর সেই সুযোগেই শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ৪ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন লাউতারো মার্তিনেজ। জাতীয় দলের হয়ে ৮৬ ম্যাচে ৪২ গোল নিয়ে তিনি আরও এক ধাপ এগিয়ে গেলেন কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৪ গোলের রেকর্ডের দিকে।

এরপর ৮ মিনিটে বুরকিনা ফাসোর আত্মঘাতী গোল, ১২ মিনিটে জাতীয় দলের জার্সিতে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির প্রথম গোল এবং ৩৫ ও ৩৬ মিনিটে নিকোলাস পাজ ও হুলিয়ান আলভারেজের দারুণ ফিনিশিংয়ে প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

বিরতির পরও বজায় ছিলো সেই একই আধিপত্য। ৫৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই গোল তুলে নেন তরুণ সেনসেশন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সপ্তম ও শেষ গোলটি করেন জুলিয়ানো সিমিওনে। কুরাসাওয়ের বিপক্ষে ৭-০ জয়ের পর, স্কালোনি যুগে এটিই আর্জেন্টিনার যৌথভাবে সবচেয়ে বড় ব্যবধানের জয়।

৮০ শতাংশ বল দখল আর প্রতিপক্ষকে কোনো শটই নিতে না দেওয়ার এই ম্যাচে সবচেয়ে বড় প্রাপ্তি-তরুণদের জ্বলে ওঠা। লিওনেল মেসির ক্যারিয়ার শেষ সময়ে এমন আক্রমণাত্মক ও নিখুঁত পারফরম্যান্স নিশ্চিতভাবেই স্বস্তি দিচ্ছে কোচ স্কালোনি ও বিশ্বজুড়ে কোটি আলবিসেলেস্তে সমর্থকদের।

জেআর