কাল পর্দা উঠছে সাফ চ্যাম্পিয়নশিপের; ঘরের মাঠে নেই উৎসবের আমেজ

জাতীয় স্টেডিয়াম এলাকা
ফুটবল
এখন মাঠে
0

অবশেষে অপেক্ষা ফুরাচ্ছে। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে কাল। তবে ঘরের মাঠে এমন আয়োজন ঘিরে নেই উৎসবের আমেজ। স্টেডিয়াম প্রাঙ্গণে ব্যানার, ফেস্টুনের চেয়ে ডিজিটাল মাধ্যমে প্রচারণায় বেশি ব্যস্ত আয়োজকরা। তবে এর মধ্যেও ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে বলে দাবি ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের।

বেশ আগে থেকেই বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তুতি শুরু হয়। আসরে অংশগ্রহণকারী দলগুলো কোথায় থাকবে, কোন ভেন্যুতে অনুশীলন করবে এবং উদ্বোধনী দিনে কি কি আয়োজন থাকবে—সবকিছু ঠিক হয় সাফ এবং বাফুফের দফায় দফায় করা মিটিংয়ে।

আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরুর আগে পুরো শহরে ছুঁয়ে যায় উৎসবের আমেজ। ডিজিটাল যুগের পরেও অফলাইন বা মাঠ পর্যায়ের প্রচারণার গুরুত্ব এখনো অনেক বেশি। তবে অবাক করার মতো বিষয়, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা শুরুর একদিন আগেও কোথাও দেখা যায়নি কোনো ব্যানার কিংবা ফেস্টুন।

এমনকি ম্যাচ ভেন্যু জাতীয় স্টেডিয়াম এলাকাতেও নেই সাফ চ্যাম্পিয়নশিপের কোনো পোস্টার; চোখে পড়েনি অংশগ্রহণকারী দলগুলোর ছবিও।

আরও পড়ুন:

যেখানে টুর্নামেন্ট শুরুর আগে পুরো দেশ ফুটবল জ্বরে কাঁপাকাপার কথা, সেখানে এখনো অনেকে জানেনই না কবে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট।

দর্শকদের মধ্যে একজন বলেন, ‘আমি আসলে ফেসবুকে এরকম কিছু দেখি নাই যে, সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে কি না। এবং ব্যানার-ট্যানার আমার মানে এরকম লক্ষ্য করি নাই আরকি।’

অন্য একজন বলেন, ‘প্রচারণামূলক একটু জোরদার চালাইলে তখন মানে সামনে আসলে আমরা আরো অ্যাক্টিভ হয়ে দেখতে পারতাম অনলাইন সার্চ করে।’

প্রচার-প্রচারণার অভাবে জানান দিচ্ছে, এত বড় টুর্নামেন্ট আয়োজনে এক ধরনের প্রচার অভাব রয়ে গেছে আয়োজকদের। তবে তা মানতে নারাজ তারা। বরং আয়োজকদের দাবি, উদ্বোধনী দিনের ম্যাচের বেশিরভাগ টিকিটই বিক্রি হয়ে গেছে।

ম্যাচের দিনে মাঠের গ্যালারিতে ফিরবে? নাকি ফাঁকা করবে স্টেডিয়াম? সেই সংশয় রেখেই মাঠে গড়াচ্ছে দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্বের এই লড়াই।

এসএস