‘হেরে কেমন লাগছে’ প্রশ্ন শুনে নিরুত্তর হেঁটে গেলেন ট্রাম্প

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর হোয়াইট হাউসের বাইরে এক সাংবাদিকের অস্বস্তিকর প্রশ্ন পুরোপুরি এড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মেরিন ওয়ান হেলিকপ্টারে ওঠার সময় স্কাই নিউজের এক প্রতিবেদক তাকে ডেকে জানতে চান, ‘হেরে গিয়ে কেমন লাগছে, মিস্টার প্রেসিডেন্ট?’ তবে কোনো জবাব না দিয়ে নীরবে হেঁটে চলে যান তিনি। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃষ্টির মধ্যে ছাতা হাতে হেলিকপ্টারে ওঠার ঠিক আগমুহূর্তে হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলছিলেন ট্রাম্প। এ সময় ইরানের সঙ্গে আলোচনা নিয়ে সাংবাদিক ডমিনিক ওয়াগহর্নের করা প্রশ্নের উত্তর দিলেও নির্বাচনে পরাজয় সম্পর্কিত দ্বিতীয় প্রশ্নটির কোনো উত্তর দেননি তিনি। তবে হেলিকপ্টারের ইঞ্জিনের বিকট শব্দের মধ্যে ট্রাম্প আদৌ প্রশ্নটি শুনতে পেয়েছিলেন কি না, তা ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায়নি।

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ (হাউস) ও উচ্চকক্ষ সিনেট—উভয়টিরই নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। দুই কক্ষেই ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় ওয়াশিংটনে নতুন করে তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়েছেন ট্রাম্প।

এই নির্বাচনি ধাক্কার পরপরই প্রশাসনে বড় ধরনের রদবদল শুরু করেছেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসকে সরিয়ে সেই পদে কট্টর সহযোগী স্টিফেন মিলারকে দায়িত্ব দেয়া হয়েছে। মিলার সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

সুসি ওয়াইলসের পদত্যাগের পেছনে মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব রয়েছে কি না—এমন প্রশ্নে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘না, নির্বাচনের কারণে নয়। এটি কেবল পরিবর্তনের সময় হয়েছে বলেই করা হয়েছে।’ তবে এর আগে এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন যে সামনে প্রশাসনে আরও কিছু পদ থেকে লোকজনকে অব্যাহতি দেয়া হতে পারে।

এএম