স্পেনে শীর্ষস্থানের লড়াই, ইতালিতে ইন্টার-কোমো মহারণ

ফুটবলের ছবি
ফুটবল
এখন মাঠে
0

লা লিগায় শীর্ষস্থান টিকিয়ে রাখার মিশনে রাতে মাঠে নামছে দুই জায়ান্ট বার্সেলোনা এবং অ্যাতলেটিকো মাদ্রিদ। যে দলই জয় পাবে, তারাই চলে যাবে লিগ টেবিলের শীর্ষে। অন্যদিকে ইতালিয়ান লিগে মুখোমুখি হচ্ছে ফর্মের তুঙ্গে থাকা ইন্টার মিলান এবং কোমো।

লিগ মৌসুমে উড়ন্ত শুরুর পর বড় রকমের পরীক্ষাই দিতে হচ্ছে বার্সেলোনাকে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের দুই সপ্তাহ পরেই অ্যাতলেটিকো মাদ্রিদ অপেক্ষা করছে কাতালান জায়ান্টদের জন্য।

অ্যাতলেটিকোর মাঠে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ২টায়। ১১ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট পাওয়া বার্সা এই ম্যাচ জিতলে রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে থাকবে। অন্যদিকে অ্যাতলেটিকো জয় পেলে ১ পয়েন্টে এগিয়ে থেকে লিগ টেবিলের শীর্ষে থাকবে। সাম্প্রতিক রেকর্ড অবশ্য অ্যাতলেটিকোর এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়াবে। দুই দলের সবশেষ ২০ দেখায় বার্সা জিতেছে ১৩ ম্যাচ। বিপরীতে অ্যাতলেটিকো মাদ্রিদের জয় ৬ ম্যাচে।

ম্যাচ হবে অ্যাতলেটিকোর ঘরের মাঠ মেট্রোপলিতানো স্টেডিয়ামে। ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে এই স্টেডিয়ামে টানা ৫ ম্যাচ জেতার রেকর্ড থাকছে বার্সার সামনে। সাম্প্রতিক ফর্মেও তারাই এগিয়ে। লিগে ১১ ম্যাচে ৪৬ গোল করে এরই মধ্যে ইতিহাস গড়ে ফেলেছে তারা। এবার অ্যাতলেটিকোর বিপক্ষে সেই ফর্ম ধরে রাখার মিশন তাদের।

স্পেনে যখন বার্সা অ্যাতলেটিকো ম্যাচ উত্তাপ ছড়াচ্ছে, তখন ইতালি চেয়ে আছে ইন্টার মিলান ও কোমো ম্যাচের দিকে। গেল দুই বছর ধরেই ইউরোপিয়ান ফুটবলে ব্যাপক আলোচিত দল কোমো। ম্যানেজার সেস্ক ফ্যাব্রিগাসের অধীনে ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় ফুটবল উপহার দিচ্ছে দলটি।

বিপরীতে ক্রিশ্চিয়ান চিভুর অধীনে ইন্টার চলতি মৌসুমেও পেয়েছে উড়ন্ত সূচনা। জিতলেই লিগের শীর্ষে উঠবে নেরাজ্জুরিরা। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

জেআর