আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো
ফুটবল
এখন মাঠে
1

আন্তর্জাতিক ফুটবল থেকে সমাপ্তি টানলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ এই গোলদাতা। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ২৩ বছর যাবৎ সাত নম্বর জার্সি পরার যে সম্মান ও দায়িত্ব তার ওপর ছিলো, তা ফিরিয়ে দেয়ার সময় এসেছে।

একটি যুগের সমাপ্তি। দীর্ঘ ২৩ বছরের লাল-সবুজ জার্সির অধ্যায় শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৩ সালে পর্তুগালের জার্সিতে শুরু হওয়া সেই স্বপ্নযাত্রার ইতি টেনে ৪১ বছর বয়সে এসে জাতীয় দলের ঐতিহাসিক ‘৭’ নম্বর জার্সিটি তুলে রাখার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সিআর সেভেন।

কিছু বিদায় কেবল নীরবতা বয়ে আনে না, বরং স্থবির করে দেয় ফুটবল বিশ্বকে। ২৩ বছরের গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দলকে বিদায় জানিয়ে রোনালদো বললেন, ‘নম্বর ৭-এর যে জার্সিটা বিগত দুই দশক ধরে পর্তুগালের সমর্থকদের হৃদস্পন্দন ছিলো, আজ তা হস্তান্তরের সময় এসেছে।’

মাদেইরা দ্বীপের এক অতি সাধারণ ঘর থেকে উঠে আসা যে বালকটি ২০০৩ সালের আগস্টে প্রথমবার পর্তুগালের জার্সি গায়ে চেপেছিলেন, তিনি হয়তো নিজেও ভাবেননি-এ জার্সিকে ঘিরেই একদিন নতুন করে লেখা হবে ফুটবলের ইতিহাস। কেবল অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম আর অটল জেদকে সঙ্গী করে একে একে গুঁড়িয়ে দিয়েছেন কতো-শত রেকর্ড।

২৩৪টি আন্তর্জাতিক ম্যাচ থেকে, ১৪৬টি গোল করে-বিশ্ব ফুটবলে গোল সংখ্যার চূড়ায় বসেছেন এই কিংবদন্তি। ২০১৬ সালের ইউরো জয় কিংবা ২০১৯ ও ২০২৫-এর নেশনস লিগ শিরোপা, পর্তুগালকে একের পর এক ট্রফি এনে দিয়েছেন সিআর সেভেন।

জাতীয় দলের ডাগআউটে নেশনস লিগ চলাকালে তৈরি হওয়া বিতর্ক কিংবা শেষ সময়ের কিছু তিক্ততা-কোনোটাই রোনালদোর এ মহাকাব্যিক পথচলাকে ম্লান করতে পারবে না। ভিডিও বার্তায় তিনি বলেছেন, সব সিদ্ধান্ত মস্তিস্ক দিয়ে নেয়া যায় না কিছু সিদ্ধান্ত নিতে হয় আবেগ দিয়েও।

রোনালদো যেন মনে করিয়ে দিলেন, ট্রফি অর্জন হবে, রেকর্ড বদলাবে, কিন্তু রক্ত-ঘামে অর্জিত এ ৭ নম্বর জার্সির ঐতিহ্য থেকে যাবে চির অমলিন।

পর্তুগালের মানুষদের উদ্দেশে ভিডিওতে রোনালদো বলেন, ‘আমার জন্য জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ফিরিয়ে দেয়ার সময় এসেছে।’

তিনি আরও বলেন, ‘আমি কখনো মনে করিনি, এটাতে কেবল আমার অধিকার। তবে ২৩ বছর যাবৎ এই জার্সি পরার সম্মান ও দায়িত্ব আমার ওপর ছিলো এটা রক্ষা করা এবং এটাকে আমার সঙ্গে সারা বিশ্বের স্টেডিয়ামগুলোতে নিয়ে যাওয়া।’

তবে রোনালদো এভাবে ভিডিও বার্তায় বিদায়ের খবর দিলেও পর্তুগিজ ফুটবল থেকে জানানো হয়েছে, এভাবে নয় বরং পর্তুগালের এ কিংবদন্তিকে বিদায় দেয়া হবে সম্মানের সঙ্গে, ঘরের মাঠে আসন্ন নেশনস লিগের ডেনমার্ক ম্যাচে জমকালো আয়োজনের মাধ্যমে।

এসএইচ