ফোনালাপে এরদোয়ান আশা প্রকাশ করেন, ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যকার পারস্পরিক সহযোগিতা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে নতুন গতি দিতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি তুলে ধরে তুর্কি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনা নিরসন করা অত্যন্ত জরুরি। অমীমাংসিত সব বিষয় কূটনীতির পথেই সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে তুরস্কের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন এরদোয়ান।
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, কূটনৈতিক তৎপরতা জোরদার করা গেলে তা সংঘাত নিরসনে ইতিবাচক ফল বয়ে আনবে। এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে যেকোনো শান্তি উদ্যোগে তুরস্ক অবদান রেখে যাবে জানিয়ে কিয়েভ ও মস্কো—উভয় পক্ষের সঙ্গেই আলোচনা ও যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন এরদোয়ান।
তুর্কি প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরেট আরও জানায়, অর্গানাইজেশন অব টার্কিক স্টেটস (ওটিএস) শীর্ষ সম্মেলনের প্রতি সমর্থন জানানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এরদোয়ান।





