ভারতের বিপক্ষে ঠিক যেখানে শেষ করেছিল পাকিস্তান, মালদ্বীপের বিপক্ষে যেন ঠিক সেখান থেকেই শুরু। নামে- ভারে সাম্প্রতিক পারফরম্যান্স সব দিকেই এগিয়ে ছিলো পাকিস্তানিরা। খেলার শুরু থেকেই দেখা গেলো তার প্রভাব।
ম্যাচ শুরুর মাত্র চার মিনিটেই পেনাল্টি থেকে পাকিস্তানকে লিড এনে দেন আব্দুল্লাহ।
এরপর পাকিস্তানকে দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয় মাত্র পাঁচ মিনিট। এবার প্রতিপক্ষ মালদ্বীপের জালে বল জড়ান ছন্দে থাকা নাজিব উল্লাহ।
আর ম্যাচের ২৪ মিনিটে মাঠের ডান প্রান্তে মালদ্বীপ ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডিবক্সে ঢুকে গোল কিপারকে পরাস্ত করেন নাজিব উল্লাহ। তুলে নেন তার জোড়া গোল। সাফের চলতি আসরে তিন গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাও বনে যান নাজিব উল্লাহ।
প্রথমার্ধে ৩-০ গোলের লিড পাওয়া পাকিস্তানকে দ্বিতীয়ার্ধে হতে হয়েছে গোল বঞ্চিত। রক্ষণ সামলে বেশ কিছু আক্রমণও করতে দেখা যায় মালদ্বীপকে। তবে ব্যবধান কমাতে ব্যর্থ হয় এই দ্বীপ রাষ্ট্রটি।
৩-০ গোলের এই জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বার্তো সোলানোর দল।





