নেপাল নেই। ৬ দলের আসরে কিছুটা আমেজে ভাটা পড়ার শঙ্কা থাকলেও মাঠের ফুটবলে এখন পর্যন্ত বেশ ভালোভাবেই উত্তাপ ছড়াচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। গ্রুপপর্বের শেষ দিনের খেলার দিকে তাকিয়ে সব দেশ।
বি গ্রুপে পাকিস্তান নিজেদের শুরুটা খুব একটা ভালো না পেলেও সেমিফাইনালের জন্য নিজেদের নিরাপদ ভাবতেই পারে। ভারতের কাছে হারলেও মালদ্বীপকে ৩-০তে উড়িয়ে দিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে দলটি। মালদ্বীপ-ভারত ম্যাচে ভারতীয়রা জয় কিংবা ড্র করলেই বাদ পড়বে দ্বীপরাষ্ট্রটি। তবে মালদ্বীপ যদি ৩ গোলের ব্যবধানে জয় পায় সেক্ষেত্রে আসর থেকে ছিটকে পড়বে ভারত। আর ৬ গোলের ব্যবধানে জয় পেলে বাদ পড়বে পাকিস্তানও। আপাতদৃষ্টিতে দু'টি সমীকরণই অনেকটা অসম্ভব। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভারতই এই গ্রুপের শীর্ষে থেকে নকআউটে যাওয়ার জন্য ফেভারিট।
এ গ্রুপে রাতে মাঠে নামছে বাংলাদেশ। এরইমাঝে এই গ্রুপ থেকে সেমি নিশ্চিত থমাস ডুলির দলের। এখন প্রশ্ন, নিজেদের অবস্থান নিয়ে। শ্রীলঙ্কা অন্তত ২-০ গোলে হারলেই বাদ যাবে। সেক্ষেত্রে ভুটান পা রাখবে নকআউটে। শ্রীলঙ্কা ১-০ গোলে হারলে অবশ্য নাটকীয়তা গড়াবে কয়েন টসে। কারণ সেক্ষেত্রে গোল ব্যবধান কিংবা হেড টু হেড, দুটোই হবে সমান সমান। আর ম্যাচ ড্র হলে বাংলাদেশই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
সমীকরণের এই মারপ্যাচের শেষে বাংলাদেশের সেমিফাইনালের প্রতিপক্ষ হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি এগিয়ে পাকিস্তান। অন্য সেমিতে মুখোমুখি হতে পারে ভারত-শ্রীলঙ্কা। ১৪ তারিখ মাঠে গড়াবে সেমিফাইনালের দুই ম্যাচ।





