এক ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করায় শ্রীলঙ্কার বিপক্ষে অনেকটা নির্ভার হয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ। যদিও এই ম্যাচের ওপর নির্ভর করছে গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার্সআপ হয়ে শেষ চারে খেলবে থমাস ডুলির শিষ্যরা।
তপু বর্মন ও বিশ্বনাথ ঘোষের চোটের কারণে একাদশ সাজাতে কিছুটা সতর্ক অবস্থানে বাংলাদেশ কোচ থমাস ডুলি। তবে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলেও, শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে আসছে অবধারিত পরিবর্তন। এখন টিভির হাতে আসা শুরুর একাদশের তালিকা অনুযায়ী, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে আসছে অন্তত দুটি পরিবর্তন।
মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং আক্রমণের ধার বাড়াতে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার জায়গায় শুরুর একাদশে ফিরছেন ইংলিশ লিগে খেলা তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। তিনি কেবল প্রতিপক্ষের আক্রমণই নস্যাৎ করবেন না বরং বল কেড়ে নিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাক তৈরিতেও রাখবেন বড় ভূমিকা। সেই সঙ্গে নিয়মিত অধিনায়ক না থাকায় আর্মব্যান্ডও উঠতে যাচ্ছে হামজা চৌধুরীর হাতে।
অন্যদিকে, আক্রমণভাগেও আসছে পরিবর্তন। ভুটান ম্যাচে রক্ষণভাগের খেলোয়াড় বিশ্বনাথ ঘোষকে স্ট্রাইকার হিসেবে খেলিয়ে পরীক্ষা চালান কোচ। তবে বিশ্বনাথের চোটের কারণে সেই জায়গায় এবার মূল স্ট্রাইকার হিসেবে শুরুর একাদশে জায়গা করে নিচ্ছেন ফারহান আলী ওয়াহিদ। তবে ফারহানের অন্তর্ভূক্তিতে বাংলাদেশ কি পারবে গোলস্কোরারের সংকট কাটাতে?
বাকি পজিশনগুলোতে কোনো পরিবর্তন আনেননি থমাস ডুলি। তপু বর্মনের অনুপস্থিতিতে রক্ষণভাগ সামলানোর দায়িত্ব থাকছে আগের ম্যাচে খেলা সাদ-তারিক কাজী-জায়ানদের ওপরই। সব মিলিয়ে, হামজা চৌধুরীর অভিজ্ঞতা আর ফারহান আলী ওয়াহিদের গতির ওপর ভর করেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে চায় বাংলাদেশ





