খাবারের মান নিয়ে নওশাদ মুসার অভিযোগ, সমাধানের দাবি আয়োজকদের

ভারত কোচ নওশাদ মুসা
ফুটবল
এখন মাঠে
0

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে এসে খাবারের মান নিয়ে অভিযোগ করলেন ভারত দলের কোচ নওশাদ মুসা। তবে, নিজ দেশের গণমাধ্যমের করা আতিথেয়তা সংক্রান্ত অভিযোগ উড়িয়ে দিলেন নওশাদ মুসা। আর আয়োজকরা বলছেন, অভিযোগ পেয়ে সমাধানও করা হয়েছে এর মাঝে।

সাফের আয়োজক বাংলাদেশ। দায়িত্ব অনুযায়ী কেবল ভেন্যু ব্যবস্থাপনার কাজটাই করতে হচ্ছে ফুটবল ফেডারেশনকে। কিন্তু ভারতীয় গণমাধ্যম যেন সাফের অব্যবস্থাপনার দায় দিতে চাইছে বাংলাদেশকে।

বাংলাদেশে আতিথেয়তার ঘাটতি নিয়ে নিজ দেশের গণমাধ্যমের সেই প্রতিবেদনকে অসত্যই বললেন ভারত কোচ নওশাদ মুসা। আতিথেয়তা নিয়ে অভিযোগ না থাকলেও খাবারের মান নিয়ে অভিযোগ করেছেন তিনি। বারবার একই খাবার খাওয়ানো হচ্ছে টিম ইন্ডিয়াকে এমনই দাবি ভারতীয় কোচের। ভারত কোচ নওশাদ মুসা বলেন, ‘আতিথেয়তা ঠিক আছে। কিন্তু খাবারে কিছুটা সমস্যা আছে।’

ভারত দলের কাছ থেকে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিএসএর সিইও সজীব রশিদ। তবে, সমস্যার সমাধান হয়েছে বলেও জানালেন তিনি।

টিএসএর সিইও সজীব রশিদ বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসার পর। আমরা টিম ম্যানেজমেন্ট আর হোটেলের সঙ্গে বসেছি।’

সাফের আতিথেয়তা নিয়েও কোনো ঘাটতি রাখা হচ্ছে না বলে জানালেন আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্ণধার।

টিএসএর সিইও সজীব রশিদ বলেন, ‘আমাদের কাছে কোনো দলই ছোটো না আবার কোনো দলই বড় না। সবাইকে সমানভাবে ট্রিট করার চেষ্টা করেছি।’

সব জটিলতার শেষে টুর্নামেন্টের বাকি সময়ে সকল সুবিধাই দলগুলোর জন্য নিশ্চিত করা হবে, এমনটাই প্রতিশ্রুতি আয়োজকদের।

জেআর