মেঘনার অব্যাহত ভাঙনে প্রতিবছরই নদীগর্ভে বিলীন হচ্ছে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও বসতভিটা। সর্বস্ব হারিয়ে এসব পরিবার আশ্রয় নেয় নদীর ধারেই। সেখানেও হানা দেয় ভাঙন। আবার বাসস্থানের পরিবর্তন। এভাবে একাধিকবার পরিবর্তনের পর অনেকেই চলে আসছেন নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলায়। কম দামে কৃষিজমি কিনে সেখানেই গড়ে তুলছেন নতুন বসতি। নতুন বসতি গড়া বাসিন্দারা জানান, নদী ভাঙার পর তারা এখানে বসতি গড়েছেন।
সুনির্দিষ্ট নীতিমালা ও তদারকি না থাকায় গত দুই বছরে নোয়াখালী সদর ও সুবর্ণচরে প্রায় ২০ হাজার পরিবার ফসলি জমিতে বসতি গড়ে তুলেছে। ফলে ক্রমেই কমছে আবাদি জমির পরিমাণ, কমছে ফসল। স্থানীয়রা জানান, বসত বাড়ি গড়ার কারণে ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে।
নতুন এসব আবাসিক এলাকায় জনসংখ্যাও বৃদ্ধি পাচ্ছে পাল্লা দিয়ে। কিন্তু সেই অনুপাতে হচ্ছে না নাগরিক অবকাঠামো। রাস্তাঘাট, সুপেয় পানি, পয়োনিষ্কাশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। কৃষকদের আশঙ্কা, নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষের বসতি স্থাপনের এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে কৃষিজমির সংকট আরও বাড়বে।
কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে কৃষি বিভাগ। নতুন জেগে ওঠা চর কিংবা অব্যবহৃত জমিগুলোতে ভিটে হারানো এসব মানুষকে বন্দোবস্তের আশ্বাস দিলেন এই কর্মকর্তা।
নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ কুমার কর বলেন, ‘যেখানে আমাদের ল্যান্ডগুলো ইউজ হয় না, সেই ধরনের ল্যান্ডে তাদেরকে ব্যবস্থা করা যায় কিনা, এ ব্যাপারে আমি জেলা প্রশাসকের সাথে আলাপ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আমাদের কৃষি জমির উপর যাতে তারা বসতি স্থাপন না করতে পারে, কারণ আমাদের উৎপাদন যদি কমে যায়, তাহলে আমাদের পুরা ১০ টাকা দামে এটা একটা বিরূপ প্রভাব ফেলবে।’
ভিটেমাটি হারানো এসব মানুষের অধিকাংশই এসেছে নোয়াখালীর হাতিয়া, লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলা থেকে। মেঘনা নদীতে নতুন করে জেগে ওঠা চরগুলোকে ব্যবহার করা যেতে পারে বাস্তুচ্যুত এসব পরিবারের পুনর্বাসনের জন্য।





