রেলিগেশন শঙ্কায় ম্যানইউ, চাকরি হারানোর মুখে কোচ

মাইকেল ক্যারিক
ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) রেলিগেশন জোনে ধুঁকছে ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। দলের এমন ভরাডুবিতে চাকরি হারানোর দ্বারপ্রান্তে কোচ মাইকেল ক্যারিক। মোনাকোতে ক্লাব কর্তাদের জরুরি বৈঠকের পরই আসতে পারে তার বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা। আর ক্যারিকের বিদায়ের গুঞ্জনের মাঝেই ওল্ড ট্রাফোর্ডের ডাগআউটে নতুন কোচ হিসেবে জোরালোভাবে উঠে আসছে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড মাউরিসিও পচেত্তিনোর নাম।

ওল্ড ট্রাফোর্ডের অন্দরমহলে এখন কেবলই হতাশা আর অনিশ্চয়তা। অন্তর্বর্তী কোচ হিসেবে সফল হলেও, স্থায়ী দায়িত্ব পাওয়ার পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন ৪৫ বছর বয়সী মাইকেল ক্যারিক। চলতি মৌসুমে ক্যারিকের অধীনে ১০ ম্যাচে মাত্র এক জয় ম্যানচেস্টার ইউনাইটেডের। দলের এমন ভঙ্গুর দশায় প্রিমিয়ার লিগের রেলিগেশন জোনে ধুঁকছে রেড ডেভিলরা।

সমর্থকদের ক্ষোভের মুখে ক্লাবের সহ-মালিক স্যার জিম র‍্যাটক্লিফ ও সিইও ওমর বেরাদারা এখন কঠিন সিদ্ধান্তের পথে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির দাবি মোনাকোতে অনুষ্ঠিত সামিট মিটিংয়ের পরই ক্যারিককে ছাঁটাইয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

আরও পড়ুন:

ক্যারিকের বিদায়ের গুঞ্জনে বেশ কয়েকজন কোচের নাম আলোচনায় এলেও জোরালো হচ্ছে মাউরিসিও পচেত্তিনো নাম। ইউনাইটেডের সঙ্গে এই আর্জেন্টাইন কোচের নাম জড়িয়ে আছে সেই ২০১৬ সাল থেকে, ভ্যান গাল, মরিনিও কিংবা টেন হাগ- প্রতিবার কোচ বদলের সময়ই শোনা গেছে তার নাম। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, বর্তমানে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্বে থাকা পচেত্তিনো নিজেও নাকি ইউনাইটেডের কোচ হওয়ার স্বপ্ন দেখেন।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পচেত্তিনোর কোচিং ক্যারিয়ারের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। এস্পানিওল, সাউদাম্পটন, টটেনহ্যাম, পিএসজি, চেলসি এবং সবশেষ যুক্তরাষ্ট্র-সব মিলিয়ে এ পর্যন্ত ৬৮৪টি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। যেখানে ৩৩৭টি জয়ের বিপরীতে হার ২০১টি, ড্র হয়েছে বাকি ১৪৬টি ম্যাচ। পিএসজির হয়ে লিগ ওয়ানসহ জিতেছেন তিনটি শিরোপা। এছাড়া টটেনহ্যামকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা কিংবা তরুণ ফুটবলারদের গড়ে তোলার দারুণ খ্যাতি রয়েছে তার।

ছয়জন ভিন্ন কোচের অধীনে গড়া ছন্নছাড়া এক স্কোয়াড আর নেতিবাচক পরিবেশ কাটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে কক্ষপথে ফেরানো মোটেও সহজ হবে না পচেত্তিনোর জন্য। তবে এক দশকের অপেক্ষা শেষে পচেত্তিনো যদি সত্যিই ওল্ড ট্রাফোর্ডে আসেন, তবে তার আক্রমণাত্মক ফুটবল দর্শনই হতে পারে রেড ডেভিলদের ঘুরে দাঁড়ানোর মূল মন্ত্র।

এসএস