ভয়াল ঘূর্ণিঝড়ের ৫৬ বছর পরও বদলায়নি ঢালচরের বাস্তবতা

১৯৭০ সালের ভয়াল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের চিত্র
এখন জনপদে
0

১৯৭০ সালের ১২ নভেম্বর ভয়াল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দ্বীপজেলা ভোলাতে প্রাণ হারান প্রায় তিন লাখ মানুষ। সেই দুর্যোগের ৫৬ বছর পরও বদলায়নি উপকূলের অনেক এলাকার বাস্তবতা। বিশেষ করে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়ন এখন অস্তিত্ব সংকটে। নেই স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা।

১৯৭০ সালের ১২ নভেম্বরে ভয়াল ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে তছনছ হয়ে যায় দ্বীপজেলা ভোলার বিস্তীর্ণ জনপদ। ভেসে যায় হাজারো ঘরবাড়ি, গবাদিপশু ও মানুষ। ইতিহাসে যা পরিচিত ভয়াল ৭০-এর ঘূর্ণিঝড় হিসেবে।

সেই রাতে প্রাণ বাঁচাতে অনেকে গাছের ডালে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি। বিচ্ছিন্ন ঢালচর, কুকরি-মুকরি ও মনপুরাসহ ভোলার উপকূলে জলোচ্ছ্বাসে হারিয়ে যায় বহু জনপদ। সেই দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন বেঁচে থাকা মানুষ।

১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষদর্শী ও স্বজনহারা ব্যক্তিরা জানান, সে সময়ের জলোচ্ছ্বাসে হাজার হাজার মানুষকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। এমনকি কোনো কোনো পরিবারে সবাইকে।

৫৬ বছর পর দুর্যোগ মোকাবিলার ব্যবস্থা বদলালেও উপকূলের জনপদে এখনো রয়েছে পুরনো আতঙ্ক। তারই একটি- চরফ্যাশনের বিচ্ছিন্ন ইউনিয়ন ঢালচর। এক সময় ৩১ দশমিক ৩১ বর্গকিলোমিটারের এই দ্বীপে ছিলো হাজারো মানুষের বসতি, হাটবাজার, দোতলা স্কুল, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ ভবন ও রেস্টহাউস। কিন্তু অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে সব। বদলেছে দ্বীপের মানচিত্র।

স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী, গত ১৫ বছরে ভাঙনে দ্বীপের প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকা বিলীন হয়েছে। যদিও এই জনপদে এখনো স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আর পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নেই। ফলে প্রতিটি দুর্যোগের পূর্বাভাস নতুন করে আতঙ্কিত করে এখানকার মানুষকে।

ঢালচরের বাসিন্দারা জানান, এ জনপদকে রক্ষা করা উচিত। এখানে অনেকে বসবাস করে। তাছাড়া এখানে ভ্রমণপিপাসুদের জন্য বিভিন্ন স্থান রয়েছে।

জেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে ৩৫১ কিলোমিটার। এর মধ্যে স্থায়ী বাঁধ মাত্র ৪৯ দশমিক ৬৬ কিলোমিটার। ৯০ কিলোমিটার বাঁধের পুনর্বাসনকাজ চলমান থাকলেও অরক্ষিত ২১১ দশমিক ৩৪ কিলোমিটার বাঁধ।

এদিকে, পানি উন্নয়ন বোর্ড বলছে চাঞ্চল্যের জন্য বাঁধের সুপারিশ নেই। জলবায়ু পরিবর্তনে পানির উচ্চতা বাড়ায় বাঁধের উচ্চতাও ১ মিটার বাড়ানোর কথা জানান কর্মকর্তারা।

ভোলা-১ এর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ বলেন, ‘চাঞ্চল্যের জন্য এখন পর্যন্ত কোনো বাঁধের সুপারিশ করা হয়নি।’

ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসানুজ্জামান বলেন, ‘বর্তমানে যে সব প্রকল্প নেয়া হয়েছে। তা বাঁধের জন্য ১ মিটার বাড়িয়ে প্রকল্পের প্রপোজাল দেয়া হয়েছে।’

উপকূলীয় এলাকা সুরক্ষায় বিপুল অর্থের প্রয়োজন-বলছে জেলা প্রশাসন। অর্থনৈতিক সীমাবদ্ধতায় ঢালচরকে রক্ষা করা প্রায় অসম্ভব- তারপরও ভরসার কথা জানান এ কর্মকর্তা।

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, ‘সব চর তো বেঁধে ফেলার জন্য আমাদের সক্ষমতা তৈরি হয়নি। যদি সক্ষমতা থাকতো তাহলে আমরা তো সব চর বেঁধে ফেলতাম। আর আমাদের যা টাকা আছে তারই তো বেস্ট ব্যবহার করা হয়।’

১৯৭০ সালের ১২ নভেম্বর লাখো মানুষের জীবন কেড়ে নেবার ৫৬ বছর পরও এখনও নদীভাঙনে হারাচ্ছে দ্বীপের ভূখণ্ড, আর প্রতিটি দুর্যোগে বাড়ছে জীবিকার অনিশ্চয়তা।

জেআর