সিঙ্গাপুরের বিপক্ষে ডিসেম্বরে দু'টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। আসন্ন প্রীতি ম্যাচ সামনে রেখে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চান না আফঈদা-ঋতুপর্ণারা।
এই লক্ষ্যে ৩১ অক্টোবর থেকে কেইপিজেডে শুরু হয়েছে জাতীয় নারী ফুটবল দলের বিশেষ অনুশীলন ক্যাম্প, যেটি চলবে ২০ নভেম্বর পর্যন্ত। কেইপিজেডের নয়নাভিরাম পরিবেশে ক্যাম্প নিয়ে মুগ্ধতা ঝরলো আফঈদাদের কণ্ঠে। সঙ্গে জানালেন, সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত তারা।
বাংলাদেশ নারী ফুটবল দলের মারিয়া মান্দা বলেন, ‘এতো সুন্দর একটা পরিবেশে আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য, ইনভাইট করে। যার কারণে এটা অনেক সুবিধা, সবকিছুর দিক দিয়ে ভালো।’
বাংলাদেশ নারী ফুটবল দলের আফঈদা বলেন, ‘খুব আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারতেছি। এর আগেও আমরা সিংগাপুরের সাথে খেলেছি, তো আমাদের একটু হলেও অভিজ্ঞতা আছে। তো আমরা চাইবো সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের ম্যাচ দুটোর তে ভালো করতে।’
হেড কোচ পিটার বাটলারের অনুপস্থিতিতে দলের সঙ্গে যোগ দিয়েই ফুটবলারদের অনুশীলন পর্যবেক্ষণ করেছেন অন্তর্বর্তীকালীন কোচ এরিক মেয়ার। মেয়েদের সামর্থ্যে মুগ্ধ তিনি। প্রতিপক্ষের ভিডিও বিশ্লেষণের পাশাপাশি নিজেদের সেরাটা দেয়ার জন্য মেয়েদের প্রস্তুত করছেন এই ফরাসী কোচ।
বাংলাদেশ নারী দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ এরিক মেয়ার বলেন, ‘দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুশি। মেয়েদের কোয়ালিটি খুব ভালো। ওদের অনুশীলন দেখেছি, খুব ভালো লেগেছে। সিঙ্গাপুরের বিপক্ষে ভালো খেলতে চাই। ওদের ভিডিও ফুটেজ দেখেছি, মেয়েদের সঙ্গে বসেছি। নিজেদের সেরাটা দেয়াই আমাদের লক্ষ্য।’
বছরের শেষটা জয় দিয়ে রাঙাতে চায় বাংলাদেশ। নতুন কোচের আক্রমণাত্মক পরিকল্পনা আর মেয়েদের আত্মবিশ্বাস সব মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের নতুন করে প্রমাণের অপেক্ষায় মারিয়া-মুনকিরা। আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।





