সাফ টুর্নামেন্টের আগের দুই ম্যাচেই নিজের একাদশ নিয়ে চমক উপহার দিয়েছিলেন বাংলাদেশ হেডকোচ থমাস ডুলি। পরীক্ষা-নিরীক্ষার একাদশ থেকে ফলও নিয়ে এসেছেন। তবে, সেমিফাইনালের বিগ ম্যাচে খুব বড় কোনো পরিবর্তনের আভাস নেই।
দলের ভেতরের গুঞ্জন, ইনজুরিতে ছিটকে যাওয়া সাদ উদ্দিন ছাড়া আর কারো পজিশনেই বদল আনছেন না কোচ থমাস ডুলি। আর রাইটব্যাকের এই শূন্যস্থান পূরণ করবেন রহমত মিয়া। আগের ম্যাচে সাদের ইনজুরির পর মাঠে নেমে রক্ষণে ভালোভাবেই নিজের কাজ করেছেন তিনি। তাই রহমতেই আস্থা রাখছেন কোচ।
শ্রীলঙ্কা ম্যাচের পরদিনই বিশ্বনাথ ঘোষ অনুশীলনে নামলেও তাকে ঘিরে ঝুঁকি নিচ্ছেন না থমাস ডুলি। একইভাবে ইনজুরি থেকে অনুশীলনে ফিরলেও তপু বর্মণকেও দেখা যাবে না শুরুর একাদশে।
গোলরক্ষক শ্রাবণের সামনে চার ডিফেন্ডার হিসেবে জায়ান আহমেদ, তারিক কাজী, জিদান ইউসুফ এবং রহমত মিয়া থাকছেন একাদশে। মাঝমাঠের দায়িত্ব থাকবে হামজা চৌধুরী-শোমিত শোম এবং কাজেম শাহর প্রতি। এই তিন প্রবাসীর ওপরেই সবচেয়ে বড় ভরসা থাকছে বাংলাদেশ দলের। আর আক্রমণের দায়িত্বে থাকবেন রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ এবং মোহাম্মদ ইব্রাহিম।
আগের ম্যাচে বদলি নেমে ভালো ফুটবলই উপহার দিয়েছিলেন সুকি ইতোফুসা। তাকে এই ম্যাচেও বদলি নামানোর পরিকল্পনায় কোচ থমাস ডুলি। প্রতিপক্ষের ক্লান্তির সুযোগ নিয়ে আক্রমণে চাপ বাড়াতেই সুকিকে ব্যবহার করতে চান তিনি। সেইসঙ্গে শেষদিকে দেখা যেতে পারে জামাল এবং ফয়সাল আহমেদ ফাহিমকেও।



 in Cebu, Philippines-320x167.webp)

