টেস্ট খেলুড়ে ১২টি দেশের মধ্যে তিনটি দলকে ডব্লিউটিসির বাইরে রেখেই চলতে পারে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় টেস্ট প্রতিযোগিতা।
ইন্দোনেশিয়ার বালিতে আইসিসি বোর্ডের গুরুত্বপূর্ণ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। তবে সম্প্রসারণের বিপক্ষে আইসিসির সুপারিশই শেষ পর্যন্ত অনুমোদন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গতকাল (শনিবার, ১৪ নভেম্বর) চার ঘণ্টারও বেশি সময় ধরে প্রধান নির্বাহীদের সভায় এ নিয়ে চলে উত্তপ্ত আলোচনা।
বর্তমানে ডব্লিউটিসির বাইরে রয়েছে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান। এই তিন দেশই ১২টি পূর্ণ সদস্যকে নিয়ে একক লিগ আয়োজনের পক্ষে জোরালো দাবি জানিয়েছে।
ডব্লিউটিসিতে জায়গা না পাওয়ায় টেস্ট ক্রিকেটের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি প্রমোশন-রেলিগেশন পদ্ধতি না থাকায় ভবিষ্যতে প্রতিযোগিতায় প্রবেশের পথও বন্ধ।
দক্ষিণ আফ্রিকাও রয়েছে সম্প্রসারণের পক্ষে। তবে ভারত ও অস্ট্রেলিয়ার অবস্থান এখনো স্পষ্ট নয়। অন্যদিকে ভ্রমণ ও আর্থিক ব্যয়ের কথা বিবেচনায় ইংল্যান্ডও নতুন দল অন্তর্ভুক্তিতে খুব একটা আগ্রহী নয়।
শেষ মুহূর্তে জিম্বাবুয়ের জোরালো অবস্থানের কারণে ১০ দলের টুর্নামেন্টের একটি সমঝোতার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ এবং তিন ফরম্যাটের কাঠামো নিয়ে ম্যাককিনজির তৈরি কৌশলগত পর্যালোচনাও গুরুত্ব পাবে আইসিসি বোর্ড সভায়।





