রোনালদোকে বিদায়ী সম্মাননার রাতে পর্তুগালের বড় হার

পর্তুগালের বিপক্ষে ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি কিক নিচ্ছেন ডেনমার্কের অধিনায়ক এমিল হয়বিয়ের্গ
ফুটবল
এখন মাঠে
0

রোনালদোকে সম্মাননা দেওয়ার রাতে ডেনমার্কের কাছে ঘরের মাঠে ১০৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের শিকার পর্তুগাল। কিংবদন্তির ৭ নম্বর জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সতীর্থরা। গ্যালারিতে ছিল 'ধন্যবাদ অধিনায়ক' লেখা বিশাল ব্যানার। শেষ পর্যন্ত পরাজয় আর একরাশ হতাশায় মাঠ ছাড়ে পর্তুগিজ সমর্থকরা।

রাতটা ছিল কিংবদন্তি রোনালদোকে স্মরণ করার। তবে ঘরের মাঠে পর্তুগালের চিত্রটা ছিল চরম হতাশার। আবেগঘন রাতে ডেনমার্কের কাছে বিধ্বস্ত হয় পর্তুগিজরা।

ব্রাগার গ্যালারিতে ম্যাচ শুরুর আগে শুধুই রোনালদো বন্দনা। সতীর্থদের গায়ে ছিল তার নাম ও ৭ নম্বর জার্সি। ম্যাচের ৭ম মিনিটেও করতালিতে মুখর হয় পুরো স্টেডিয়াম। রোনালদোর স্মৃতি অমর করে রাখতে জাতীয় দলের ৭ নম্বর জার্সির নকশা পরিবর্তনের ঘোষণাও দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

তবে মাঠের লড়াইয়ে সেই আবেগের প্রতিফলন ছিল না। ৪৩ মিনিটে রুবেন দিয়াজের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে ডেনমার্ককে এগিয়ে দেন অধিনায়ক এমিল হয়বিয়ার্গ। বিরতির পর পর্তুগালের রক্ষণে রীতিমতো ঝড় তোলেন রাসমুস হয়লুন।

৫০ ও ৫৭ মিনিটে জোড়া গোল করে ব্যবধান ৩-০ করেন নাপোলির এই স্ট্রাইকার। ৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসনের হেডে চতুর্থ গোল পায় ডেনমার্ক। এরপর গ্যালারি থেকে শুরু হয় দুয়োধ্বনি। অনেক দর্শক রোনালদোর নামে স্লোগান দিতে দিতে স্টেডিয়াম ছাড়েন। যোগ করা সময়ে বের্নার্দো সিলভা একটি গোল শোধ করলেও বড় ব্যবধানে হার এড়াতে পারেনি পর্তুগাল। ১৯৯৩ সালের পর প্রতিযোগিতামূলক ম্যাচে ঘরের মাঠে এতো বড় ব্যবধানে হারেনি পর্তুগিজরা।

ম্যাচ শেষে রোনালদোর অভাব নিয়ে প্রশ্নের মুখে পড়েন কোচ রবের্তো মার্তিনেস। তবে তার দাবি, রোনালদো যেহেতু আর জাতীয় দলে খেলবেন না, তাই তাকে মিস করার প্রশ্নই আসে না। এই হারের পরও ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। ৯ পয়েন্ট নিয়ে দুয়ে ডেনমার্ক। মঙ্গলবার ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে পর্তুগিজরা।


এএম