সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হারে সাবেকদের হতাশা

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি ও সাবেক গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন
এখন মাঠে
0

কৌশলগত দিক থেকে পিছিয়ে থাকায় পাকিস্তানের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। মনে করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কোচরা। চ্যাম্পিয়ন হওয়ার মত পরিকল্পনা ছিল না বলেও মনে করেন তারা। একইসঙ্গে ফুটবলাররা প্রত্যাশার চাপও সামাল দিতে পারেনি বলেও মন্তব্য করেছেন তারা।

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার বিপক্ষে বড় জয় দিয়ে যে আশার সঞ্চার করেছিল বাংলাদেশ, সেমিফাইনালে সেই আশায় গুড়েবালি। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্সের দেখা মেলেনি। ফাইনালের স্বপ্ন ভেঙে যাওয়ার পর দেশের ফুটবলে এখন বিষাদের সুর।

গেল কয়েক বছরের মাঝে সেরা স্কোয়াড নিয়ে সাফ মিশনে নেমেছিল বাংলাদেশ। সমর্থক থেকে শুরু করে সাবেক ফুটবলার-সবার কণ্ঠেই ছিল আত্মবিশ্বাসের সুর। বাংলাদেশের হারে তাই স্বাভাবিকভাবেই হতাশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, ‘এক্স-প্লেয়ার হিসেবে আমি খুবই হতাশ। হতাশ এই কারণে কারণ অনেক দিন ধরেই আমরা ওই একটা শব্দ শুনি-তেইশ বছর আগের শিরোপার পুনরুদ্ধার করতে হবে। হ্যাঁ, তো এই শিরোপা পুনরুদ্ধারের কথাটা এতো বারবার আসলে শুনছি বা মানুষ বলছে, ওই জায়গা থেকে এবার ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ হয়তোবা সেই জায়গাটা, আমার মনে হয় যে ওই কথাটার একটা ইতি টানবে এবার। ইতি টেনে নতুন একটা দল সাফ চ্যাম্পিয়নশিপ হবে।’ 

এদিকে জাতীয় দলের সাবেক গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়নের মতে, প্রত্যাশার চাপ সামলাতে না পেরেই এমন পারফরম্যান্স করেছেন ফুটবলাররা। সময়ের সাথে সাথে পাকিস্তান দলের শক্তির বৃদ্ধির বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন তিনি।

জাতীয় দলের সাবেক গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন বলেন, ‘প্রত্যাশার যে চাপ, সেটা মনে হয় আমরা ঠিকভাবে সামলাতে পারিনি। এবং আমরা আসলে ফাইনালে যাওয়ার আগেই মনে হচ্ছিল যে আমরা ফাইনাল নিয়ে চিন্তা-ভাবনা করছি। বাট আমরা বারবার বলে আসছিলাম যে ইন্ডিয়ার সাথে পাকিস্তান, যে পাকিস্তানকে আমরা দেখেছি স্পেশালি, সেই পাকিস্তান আর বাংলাদেশের সাথে সেমিফাইনালের পাকিস্তান কিন্তু টোটালি ভিন্ন।’
কৌশলগত দিক থেকেও বাংলাদেশ নিজেদের সেরাটা দিতে পারেনি বলে মনে করেন নয়ন। অন্যদিকে, ফুটবলারদের মানসিকতা ও পরিকল্পনায় ঘাটতি দেখছেন এমিলি।

জাতীয় দলের সাবেক গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন বলেন, ‘ট্যাকটিক্যাল ব্যাটেলে আমরা মনে হয় বাংলাদেশ-পাকিস্তানের থেকে পিছিয়ে ছিলাম। এবং তারা কিন্তু দু-তিনটা ট্যাকটিক অবলম্বন করেছে পুরা ম্যাচ জুড়ে। স্পেশালি যদি আমি বলি যে তারা কিন্তু বল হারানোর পর পরই কাউন্টার প্রেসিং করেছে। যার কারণে বাংলাদেশকে কিন্তু তারা বিল্ডআপ করতে দেয়নি।’ 

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন ‘সাফ চ্যাম্পিয়ন হওয়ার মতো আপনার ওই মানসিকতা এখনো আমার কাছে মনে হয়েছে যে দলের ভিতরে ছিল না। যার কারণেই কিন্তু আপনি সাফটা চ্যাম্পিয়ন হতে পারেননি। আর সেকেন্ড থিং হলো যে আপনি সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনার যে প্ল্যানিংটা দরকার ছিল, যে প্ল্যান, যে প্রপার প্ল্যানিংটা দরকার ছিল, সেই প্ল্যানিংটা বাংলাদেশ দলের ছিল না।’

শেষ পর্যন্ত বাংলাদেশের এবারের সাফ মিশন সমাপ্ত হয়েছে সেমিফাইনালেই। হতাশ হলেও এ দলকে সময় দিলে সামনে ভালো করবে বলে বিশ্বাস সাবেকদের।


এএম