জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে উয়েফা নেশনস লিগের গ্রুপপর্ব। নানা সমীকরণ মিলিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আট দল। যেখানে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে স্পেনের বিপক্ষে লড়বে ফ্রান্স।
দুই দলের দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। সাম্প্রতিক লড়াইয়ে অবশ্য এগিয়ে স্প্যানিশরা। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন। এর আগে, ২০২৫ সালের নেশনস লিগের সেমিফাইনালেও ফ্রান্সকে ৫-৪ গোলে হারায় তারা। সবশেষ তিন দেখাতেই জয় স্পেনের।
তবে নেশনস লিগের ইতিহাসে ফ্রান্সও সফল। ২০২১ সালের ফাইনালে স্পেনকে হারিয়েই শিরোপা জিতেছিলো তারা। অন্যদিকে, ২০২৩ আসরের চ্যাম্পিয়ন স্পেন এবারও শিরোপা ধরে রাখার মিশনে।
আরও পড়ুন:
এদিকে আরেক ম্যাচে নরওয়ের বিপক্ষে নামবে ইংল্যান্ড। দুই দলের সাম্প্রতিক লড়াইয়ে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছিলো ইংলিশরা। তবে নরওয়ের আক্রমণভাগে বড় হুমকি এর্লিং হ্যালান্ড। নেশনস লিগের ইতিহাসে সর্বোচ্চ ২৫ গোলের মালিক এ স্ট্রাইকার।
অন্য দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল-নেদারল্যান্ডস এবং জার্মানি-বেলজিয়াম। আসরের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ২০১৯ ও ২০২৫ সালে জিতে সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে।
লাইন আপ অনুসারে স্পেন-ফ্রান্স ম্যাচের জয়ী দল খেলবে পর্তুগাল-নেদারল্যান্ডস ম্যাচের বিজয়ীর বিপক্ষে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-নরওয়ে ও জার্মানি-বেলজিয়াম ম্যাচের জয়ী দুই দল।
আগামী বছরের ২৫ থেকে ২৭ মার্চ হবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। ফিরতি লেগ ২৮ থেকে ৩০ মার্চ। চার কোয়ার্টার ফাইনালের বিজয়ীরা উঠবে জুনের চূড়ান্ত পর্বে। ৯ ও ১০ জুন হবে দুই সেমিফাইনাল। ১৩ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল।





