ফিফার সভাপতি পদে নিজেকে ধরে রাখতে চেষ্টার যেন কমতি নেই জিয়ান্নি ইনফান্তিনোর। মার্চের নির্বাচন সামনে রেখে চষে বেড়াচ্ছেন একের পর এক মহাদেশ। ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে নিজের অবস্থান দুর্বল থাকায় বাকি মহাদেশীয় কনফেডারেশনেই বেশি নজর তার।
আর এই ভ্রমণ সুফলও দিচ্ছে ইনফান্তিনোকে। গত মাসেই এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে সবুজ সংকেত পেয়েছেন। এবার কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল বা সিএএফ নিজেদের সমর্থন জানিয়েছে জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি। নাইজেরিয়ায় মহাদেশিয় ফুটবলের সভায় ৫৪ দেশ একসঙ্গে ইনফান্তিনোর পাশে থাকার ঘোষণা দেয়।
কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের সভাপতি প্যাট্রিস মোতসেপে বলেন, ‘কাবো ভার্সেতে সিএএফ যে সিদ্ধান্ত নিয়েছিল, এমনকি তারও আগে আফ্রিকার ৫৪ দেশ একতাবদ্ধ হয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল- আমি তা জিয়ান্নিকে আবারও বলতে চাই। আমার হাতে সব প্রমাণ আছে। আমার কাছে তথ্য আছে, আফ্রিকার ৫৪ সদস্য দেশ একইসঙ্গে বলতে চাইছে, আমরা এককভাবে জিয়ান্নিকে সমর্থন দিচ্ছি।’
ইনফান্তিনোকে আফ্রিকান ফুটবলের জন্য আশীর্বাদ বলতেও ছাড়েননি অনেক দেশের ফুটবল কর্মকর্তারা।
নাইজেরিয়ার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ স্পিকার আব্বাস তাজুদিন বলেন, ‘নাইজেরিয়ার অবস্থান আমাকে পরিস্কারভাবে বলতে দিন। ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোকে আবারও নির্বাচিত করতে নাইজেরিয়া পুরো সমর্থন ব্যক্ত করছে। আমাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে তার প্রতি । আমি সমস্ত আফ্রিকান দেশগুলোকে তাদের ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে একতাবদ্ধ হয়ে ইনফান্তিনোকে সমর্থন দেয়ার আহবান জানাই।’
তবে, এসব সমর্থনের পেছনে আছে বড় রকমের আর্থিক লোভ। নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবেই কি না, এখনই আফ্রিকান দেশগুলোর জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৩ গুণ বাড়িয়ে দেয়ার ঘোষণা দিয়ে রেখেছেন ইনফান্তিনো।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আমার মনে আছে, যখন আমি নির্বাচিত হয়েছিলাম, তখন প্রতিটি দেশের ফেডারেশন ফিফার কাছ থেকে বছরে আড়াই লাখ মার্কিন ডলার সহায়তা পেয়েছিল। চার বছরে ১ মিলিয়ন। এখন, ১০ বছর পরে সেটা ২ মিলিয়ন, ৩ মিলিয়ন বা ৪ মিলিয়ন না । আপনারা ২৫ মিলিয়ন ডলার করে পাবেন।’
এশিয়ার পর আফ্রিকা মহাদেশের এই সমর্থনের কারণে জিয়ান্নি ইনফান্তিনোর আরেক মেয়াদে ফিফা সভাপতি হওয়ার রাস্তাও অনেকটাই পরিস্কার। সেক্ষেত্রে আরও চার বছরের জন্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পদে দেখা যাবে সুইস এই ফুটবল সংগঠককে।





