‘ভারতের সিগন্যাল ছাড়া পেট্রাপোলে আ.লীগ নেতারা বৈঠক করে কীভাবে’

বক্তব্য রেখেছেন রুহুল কবির রিজভী
রাজনীতি
0

ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার সঙ্গে পেট্রাপোল সীমান্তে ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ভারত সরকারের সম্মতি ছাড়া দেশটির সরকারি কর্মকর্তারা কীভাবে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করলেন, সে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এ ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত আছে কি না, তা জানতে চায় বাংলাদেশের মানুষ।’

আজ (সোমবার, ২৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত রোববার কলকাতার একাধিক সংবাদমাধ্যমেদাবি করা হয়, পেট্রাপোল সীমান্তে ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের চার নেতা প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ এবং এ বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। তবে ভারতীয় কর্তৃপক্ষ কিংবা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন বৈঠকের বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি।

রিজভী বলেন, ‘দিল্লির কূটনীতিকেরা বক্তব্য দিয়ে আসছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করে না এবং বাংলাদেশে যা ঘটছে, তা বাংলাদেশের নিজস্ব বিষয়। তবে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা পেট্রাপোল সীমান্তে ভারতীয় অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কীভাবে।’

আরও পড়ুন:

তিনি প্রশ্ন করেন, ‘সরকারের গ্রিন সিগন্যাল না থাকলে কী করে ইমিগ্রেশন অফিসাররা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারে?’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বিষয়টি শুনে হতবাক হয়েছেন বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, ‘কোন ষড়যন্ত্র হচ্ছে, কোন চক্রান্ত হচ্ছে, এটা জাতি জানতে চায়, বাংলাদেশের মানুষ জানতে চায়।’ পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতাদের বৈঠক কীসের আলামত এবং কীসের ইঙ্গিত, সেই প্রশ্নও তোলেন তিনি।

রিজভী বলেন, ‘যারা গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কাজ করে, দেশের মানুষ তাদের গ্রহণ করে। কিন্তু যারা নিজের দেশের মানুষকে হত্যা করে অন্য দেশে পালিয়ে গিয়ে সেখান থেকে উসকানি দেয়, তাদের প্রতি জনগণের সমর্থন থাকতে পারে না।’

তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক আচরণের পার্থক্য তুলে ধরে রিজভী বলেন, ‘শেখ হাসিনা বিরোধী দলের নেতাকর্মীদের গুম, ক্রসফায়ার ও গুপ্তহত্যা করতে পছন্দ করতেন।’

অন্যদিকে, দেশে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও প্রধানমন্ত্রী তারেক রহমান গণতান্ত্রিক নীতি অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তা মোকাবিলা করছেন বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘পৃথিবীর গণতান্ত্রিক দেশে এটাই নিয়ম।’ ফ্রান্সের প্যারিসে আন্দোলনের সময় পুলিশ গুলি চালায়নি উল্লেখ করে তিনি ভারতের আন্দোলনের উদাহরণও দেন। তার ভাষ্য, স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শাসকরা জনগণের বিরুদ্ধে গুলি চালায় এবং হত্যা করে।

শেখ হাসিনা আবার আগুন ও হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ক্ষমতায় ফিরতে চাইছেন বলে মন্তব্য করে রিজভী বলেন, ‘তা সম্ভব হবে না। তারেক রহমান গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন বলেও দাবি করেন তিনি।’

তিনি আরও বলেন, ‘অপরাধের বিচার করবে আদালত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’ শিশু, কিশোর ও শিক্ষার্থীদের হত্যার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘ওয়াসিম, মুগ্ধ ও ফাইয়াজসহ আন্দোলনকারীদের গুলি করে হত্যা করা হয়েছে।’ এসব হত্যাকাণ্ডের পরও শেখ হাসিনা দায় অস্বীকার করে অন্যদের গুলি করার জন্য দায়ী করেছেন বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশের মাটিতে পলাতক ও ষড়যন্ত্রকারীদের জায়গা হবে না উল্লেখ করে রিজভী বলেন, ‘যারা অগ্নিসংযোগের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদেরও এ দেশে জায়গা হবে না।’

এসএস