ফুটবল কেবল ৯০ মিনিটের খেলা নয়, এদেশের মানুষের হৃদস্পন্দন। অথচ সঠিক পরিচর্যা আর আধুনিক পরিকল্পনার অভাবে দীর্ঘদিন ধরেই ধুঁকছে দেশের ঘরোয়া ফুটবল। এবার সেই স্থবিরতা কাটিয়ে ফুটবলের চিত্র পাল্টে দিতে এগিয়ে এসেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বের ১৪টি দেশে একাডেমি পরিচালনা করা এই উইংয়ের লক্ষ্য এবার বাংলাদেশ।
এরই অংশ হিসেবে ঢাকা সফরে এএফএ’র কমার্শিয়াল ডিরেক্টর মারিও মার্টিন তুলা এবং মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাসের নেতৃত্বে প্রতিনিধি দল। বাফুফে এবং দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কোচিং সেমিনার এবং ফুটবল ক্লিনিক প্রোগ্রামের মাধ্যমে একাডেমি করার পরিকল্পনা বাস্তবায়নের দিকেই এগোচ্ছে। এরই মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান প্রায় নিশ্চিত।
মারিও মার্টিন তুলা বলেন, ‘আমরা বাফুফের সঙ্গে এখনো সরাসরি কথা না বললেও ব্যক্তিগত কিছু প্রতিষ্ঠানের সঙ্গে কথা অনেকদূর এগিয়েছে। পথশিশুদের নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা স্পন্সরের ওপর নির্ভর করি। স্পন্সর পেলে আমরা পথশিশুদের পাশাপাশি স্কুল-বিশ্ববিদ্যালয়সহ সব ক্ষেত্রে যাওয়ার চেষ্টা করবো। আর্জেন্টাইন যে মেথড সেটা আমরা সবখানে ছড়িয়ে দিতে চাই। তবে এটা নির্ভর করবে স্পন্সরের ওপর।’
আরও পড়ুন:
এই একাডেমির মাধ্যমে সরাসরি আর্জেন্টাইন কোচদের তত্ত্বাবধানে বিশ্বচ্যাম্পিয়নদের ফুটবল দর্শন এবং আধুনিক কৌশল শিখবেন বাংলাদেশের তরুণ ফুটবলাররা। শুধু তাই নয়, এখানকার সেরা প্রতিভাবান খেলোয়াড়দের জন্য থাকছে আর্জেন্টিনাসহ বিশ্বের ১৪টি দেশের আন্তর্জাতিক এএফএ’র একাডেমিতে উচ্চতর প্রশিক্ষণ এবং খেলার সুযোগ।
মারিও মার্টিন তুলা বলেন, ‘আর্জেন্টিনার পাশাপাশি আরও ১৫টি দেশ যেমন যুক্তরাষ্ট্র, স্পেন, অস্ট্রেলিয়া, মরক্কো, ইতালিতে আমাদের অ্যাকাডেমি আছে। আমরা যদি বাংলাদেশ থেকে সেরকম ট্যালেন্ট পাই তাদেরকে আর্জেন্টিনার পাশাপাশি অন্যান্য দেশের অ্যাকাডেমিতেও নিয়ে গিয়ে তাদের প্রতিভা বিকশিত করার সুযোগ দিতে চাই।’
সঠিক পরিচর্যা আর আর্জেন্টাইন ফুটবল দর্শনের ছোঁয়ায় বদলে যাবে দেশের ফুটবলের হতাশাময় চিত্র। এমনটাই প্রত্যাশা কোটি ফুটবলপ্রেমীর।




