ক্লাব ফুটবলে একের পর এক সাফল্য, বার্সেলোনা থেকে বায়ার্ন এরপর ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ার যেন সাফল্যের এক দীর্ঘ গল্প। তবে এই পথচলায় ছিলো কঠিন চ্যালেঞ্জ, সঙ্গে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার হাতছানিও। সম্প্রতি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সঙ্গে আলাপচারিতায় খোলাখুলি কথা বলেছেন বর্তমানে অখন্ড অবসরে থাকা এই স্প্যানিশ কোচ।
ক্লাব কোচিং ক্যারিয়ারে একের পর এক চ্যালেঞ্জ উতরে গেছেন। বছরের পর বছর দেখেছেন মেসি ও রোনালদোর টানা দ্বৈরথ। দুজনের প্রতিদ্বন্দিতা, একে অপরের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াই দুই ফুটবলারকে করেছে অন্যদের তুলনায় অনন্য।
স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা বলেন, ‘ক্রিশ্চিয়ানো একজন অদম্য প্রতিদ্বন্দ্বী। গোল করার এক দারুণ ক্ষমতা তার-ডান পায়ে, বাম পায়ে, কিংবা হেড দিয়ে-অসাধারণ, সত্যিই অসাধারণ। আমার মনে হয়, এই উচ্চমান বজায় রাখার ক্ষেত্রে তারা একে অপরকে দারুণভাবে সাহায্য করেছে। মেসি যদি ক্রিশ্চিয়ানোকে না পেতেন, আর ক্রিশ্চিয়ানো যদি মেসিকে না পেতেন, তবে সম্ভবত তাদের পারফরম্যান্স এতটা দুর্দান্ত হতো না। তারা একে অপরের দিকে নজর রাখত-অন্যজন কী করছে তা দেখতো। আর তা থেকেই তাদের মনে হতো, “আমি ওর চেয়ে ভালো হতে চাই, আমি ওর চেয়ে বেশি কিছু জিততে চাই”।’
তবে গার্দিওলার নিজের ক্যারিয়ারেও আছে কঠিন সব অধ্যায়, বিশেষ করে বায়ার্ন মিউনিখে দ্বায়িত্ব নেওয়াকে কঠিন এক চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন তিনি। সেসময়ের অজেয় বায়ার্নের সাথে ধারবাহিকতা ধরে রেখে নিজের পাসিং ও পজেশনভিত্তিক ফুটবল প্রতিষ্ঠা ছিলো তার বড় পরীক্ষা।
পেপ গার্দিওলা বলেন, ‘আমি যখন বার্সেলোনার দায়িত্ব নিই, তখন দলটি রিয়াল মাদ্রিদের চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে থেকে মৌসুম শেষ করেছিলো। এমন পরিস্থিতিতে কোনো দলের দায়িত্ব নিলে খেলোয়াড়রা সাধারণত আপনার কথা আরও মনোযোগ দিয়ে শোনেন, কারণ তখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলেনি এবং তারা পরিস্থিতির উন্নতি চান। অন্যদিকে, বায়ার্ন মিউনিখ তখন সবেমাত্র চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা এবং ডিএফবি কাপ জিতেছিলো। তাদের পক্ষে আসলে আর কিছু অর্জন করা বাকি ছিলো না।’
এদিকে সিটির দ্বায়িত্ব ছাড়ার পর ইতালির জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন গার্দিওলা। পাওলো মালদিনি ও লিওনার্দোর মাধ্যমে আসা সেই প্রস্তাব ফিরিয়ে দিতে বিব্রত হয়েছিলেন গার্দিওলা।
গার্দিওলা বলেন, ‘আমি তাদের সঙ্গে কথা বলেছি, আর এটি ছিলো আমার জন্য সম্মানের বিষয়। ইতালি দলের কোচ হিসেবে তারা আমাকে বিবেচনা করেছে, এটি আমার পাওয়া অন্যতম বড় সম্মান। তবে এমন সময়ে এ প্রস্তাবটি এসেছিলো, যখন আমার বিরতি নেয়াটা জরুরি ছিলো। যদি এটি এক বা দুই বছর আগে হতো, তবে সম্ভবত আমি রাজি হয়ে যেতাম।’
কিন্তু কোচিং থেকে দূরে থাকার ইচ্ছে নেই গার্দিওলার। বরং ভবিষ্যতে কোন জাতীয় দলের দ্বায়িত্ব নেওয়াকেই দেখছেন নিজের পরবর্তী গন্তব্য হিসেবে। ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সব স্বাদই পেয়েছেন গার্দিওলা। এবার আন্তর্জাতিক ফুটবলে নতুন চ্যালেঞ্জ নেয়ার অপেক্ষা।





