১০ বছরেও শেষ হয়নি চট্টগ্রামের একমাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, বেড়েছে ব্যয়

চট্টগ্রাম
নির্মাণাধীন সেই এক্সপ্রেসওয়ে ও এর মডেল
এখন জনপদে
0

গত ১০ বছরেও নির্মাণ শেষ হয়নি চট্টগ্রামে ১৬ কিলোমিটার দীর্ঘ একমাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ের। এরই মধ্যে দফায় দফায় প্রকল্পের ব্যয় বেড়েছে ৭০০ কোটি টাকারও বেশি। ৯টি র‌্যাম্পের নির্মাণ কাজ শেষ না হওয়ায়, সক্ষমতার মাত্র ২৪ শতাংশ যানবাহন চলাচল করছে এ সড়কে। আর নিচের সড়কে লেগে থাকে যানজট। টোল না পাওয়ায় ২০২৮ সাল থেকে ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। তবে নির্মানকাজ শেষের দিকে হওয়ায় শিগগিরই চালু হবার আশা কর্তৃপক্ষের।

চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত ১৬ কিলোমিটারের শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ২০১৭ সালে ২ হাজার ৭২০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শুরু হয়। প্রায় ১০ বছরেও এই এলিভেটেডের কাজ শেষ করতে পারেনি সিডিএ। বারবার নকশা পরিবর্তন ও ভূমি অধিগ্রহণ জটিলতায় বেড়েছে সময় ও খরচ। সর্বশেষ আরও ১৪৪ কোটি ৬২ লাখ টাকা বাড়ানোয় প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ কোটি টাকারও বেশি। অর্থাৎ শুরু থেকে ব্যয় বেড়েছে প্রায় ৭৯৪ কোটি টাকা।

২০২৫ সালের জানুয়ারিতে টোল আদায়ের মাধ্যমে আনুষ্ঠানিক যান চলাচল শুরু হয়। বিপুল অর্থ ব্যয়ের পরও র‌্যম্পের কাজ শেষ না হওয়ায় প্রত্যাশিত সুফল মিলছে না এই এক্সপ্রেসওয়েতে। যার ফলে নিচের সড়কে লেগে থাকে যানজট।

সিডিএর সমীক্ষায় প্রতিদিন প্রায় ৩৯ হাজার ৪০০ যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা থাকলেও চলছে গড়ে মাত্র ৯-১০ হাজার। যা লক্ষ্যমাত্রার মাত্র ২৪ শতাংশ। শুরুতে ১৫টি র‍্যাম্পের পরিকল্পনা থাকলেও তা কমিয়ে ৯টিতে আনা হয়েছে, তাও এখনো চালু হয়নি।

এদিকে, প্রকল্পে ৫২৪ কোটি টাকা ঋণের বিপরীতে ২০২৮ সাল থেকে সুদসহ ৬৫৪ কোটি টাকা পরিশোধ করতে হবে সিডিএকে। কাঙ্ক্ষিত যানবাহন না চললে এ ঋণ পরিশোধ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। তবে ডিসেম্বরের মধ্যেই এই উড়াল সড়কের শতভাগ সুফল পাবে নগরবাসী— এমনটাই দাবি সিডিএ চেয়ারম্যানের।

ডিসেম্বর মাসেই ১৬ কিলোমিটার দীর্ঘ এ উড়াল সড়কটি পুরোপুরি চালু হবে বলে আশা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের।

এসএইচ