একই দলে মেসি ও রোনালদোর খেলার সম্ভাবনা

সজিব হোসেন
মেসি ও রোনালদো
ফুটবল
এখন মাঠে
0

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার পর এবার আর্জেন্টিনার ঘরোয়া লিগের জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে। আর সেই ফেরার মঞ্চেই মেসির সতীর্থ হিসেবে দেখা যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও। অবিশ্বাস্য শোনালেও, ফুটবল বিশ্বকে এমনই এক রোমাঞ্চকর রাতের স্বপ্ন দেখাচ্ছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজ। আগামী ২০ ডিসেম্বর বোকা জুনিয়র্সের বিখ্যাত লা বোম্বোনেরায় বোকা জুনিয়র্সের হয়ে তেভেজের বিদায়ী ম্যাচে ঘটতে পারে এমন কিছু।

মাস কয়েক আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। এবার তিনি মাঠে নামতে চলেছেন বোকা জুনিয়র্সের জার্সিতে। উপলক্ষ কোনো শিরোপা বা টুর্নামেন্ট জেতা নয়-কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচ।

বোকা জুনিয়র্সের বল বয় থেকে ক্লাব কিংবদন্তি হয়ে ওঠা আর জাতীয় দল থেকে অবসরের প্রায় ১০ বছর পর তেভেজের এই বিদায়ী ম্যাচে মেসির উপস্থিতি যেন এ ম্যাচেকে করে তুলছে বিশেষ কিছু।

চমক এখানেই শেষ নয়। তেভেজের কাছের বন্ধু ও সাবেক সতীর্থদের দলে মেসির সঙ্গে জুটি বাঁধার আমন্ত্রণ জানানো হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকেও।

আরও পড়ুন:

ম্যানচেস্টার ইউনাইটেডে তেভেজের সাবেক এ সতীর্থ আর্জেন্টিনায় এলে, দশকের পর দশক ধরে চলা প্রতিদ্বন্দ্বিতা ভুলে একই জার্সিতে দেখা যেতে পারে মেসি ও রোনালদোকে। দুই মহাতারকাকে একই দলে খেলানো নিয়ে তেভেজ নিজেও উচ্ছ্বসিত।

তবে রোনালদো এ ম্যাচে আসবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি আলোচনায় আছে বলেই জানা গেছে।

বোকা জুনিয়র্স লিজেন্ডস বনাম তেভেজের বন্ধুদের এ প্রীতি ম্যাচে প্রায় ৬০ জন তারকাকে এক মঞ্চে আনার পরিকল্পনা চলছে। সার্জিও অ্যাগুয়েরো, হুয়ান রোমান রিকেলমে, মার্তিন পালেরমোর সঙ্গে থাকছেন জিয়ানলুইজি বুফন, রিও ফার্দিনান্ড ও আর্তুরো ভিদালের মতো তারকারা।

ডাগআউটে কার্লোস বিয়াঙ্কি ও রবার্তো মানচিনির থাকার গুঞ্জনও রয়েছে। ম্যাচের আগে অতিথিদের নিজের বেড়ে ওঠা এলাকা ফুয়ের্তে অ্যাপাচে ঘুরিয়ে দেখাতে চান তেভেজ।

মেসির সঙ্গে একই দলেই যদি থাকেন রোনালদোও, তাহলে ফুটবল ভক্তরা সাক্ষী হবেন অন্যরকম এক মুহূর্তের। ২০ ডিসেম্বরের এ রাত কি তবে লিখতে যাচ্ছে ফুটবলের নতুন কোনো ইতিহাস?

এসএইচ