মধ্যপ্রাচ্যে বেশি মনোযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়াকে চাপ দিচ্ছে না: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দিকে বেশি মনোযোগ দিচ্ছে, রাশিয়াকে যথেষ্ট চাপ দিচ্ছে না। সম্প্রতি বিবিসিকে দেয় এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, মার্কিন অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের কারণেই ইউক্রেনীয়দের প্রাণহানি বাড়ছে। এরমধ্যেই, ইউক্রেনের জ্বালানিসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা জোরদার করেছে রাশিয়া। জবাবে, রাশিয়ার একটি সামরিক বিমানঘাঁটি, তেল স্থাপনাসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্লোরিডায় অনুষ্ঠেয় আসন্ন জি-টুয়েন্টি সম্মেলনে চাইলে যোগ দিতে পারেন ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বন্ধুত্ব করা অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে সখ্যতা বাড়ানোর মতো। এছাড়া, সামাজিক মধ্যমে ডোনাল্ড ট্রাম্পের পুতিনকে বন্ধু' হিসেবে আলিঙ্গন করা ছবি পোস্ট করাও ‘অদ্ভুত’—এমনটাই আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি বিবিসিকে দেয়া এক এক সাক্ষাৎকারে এ কথা জানান জেলেনস্কি ।

জেলেনস্কির বক্তব্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে হতাশার দিকটি স্পষ্ট। তার দাবি, ইরান যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে বেশি মনোযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। শান্তি আলোচনায় রাশিয়াকে যথেষ্ট চাপ দিচ্ছে না মার্কিন প্রশাসন। এছাড়া, মার্কিন অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের কারণেও ইউক্রেনীয়দের প্রাণহানির সংখ্যা বাড়ছে।

চলতি মাসে আবুধাবির শান্তি আলোচনায়ও তেমন কোনো অগ্রগতি হয়নি বলে জানান ইউক্রেনীয় নেতা। জেলেন্সকি দাবি করেন, কিয়েভের চেয়ে মস্কোর অবস্থানের সঙ্গেই বেশি একমত মধ্যস্থতাকারীরা। এছাড়া, আলাদা ভাষণে রুশ বাহিনী ইউক্রেনে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, রুশরা ইউক্রেনে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে। আগামী দিনগুলোতে ক্ষেপণাস্ত্র হুমকির সতর্ক সংকেতগুলোর প্রতি মনোযোগ দিন। আর রাশিয়ার জানা উচিত, আমরা আমাদের যা কিছু আছে তা পুনরুদ্ধার করব। আমরা রাশিয়ার প্রতিটি হামলার পাল্টা জবাব দেব।’ 

অন্যদিকে, জেলনস্কির এসব মন্তব্যের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাইলেই জি-টুয়েন্টি বৈঠকে যোগ দিতে পারেন। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্রাম্প ন্যাশনাল ডোরাল রিসোর্টে ২১ তম জি-টুয়েন্টি সম্মেলন হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তিনি চাইলে অবশ্যই আসতে পারেন। কেউ কেউ এটা পছন্দ করবে না। তিনি যখন জি-৮ এর সদস্য ছিলেন, তখন প্রেসিডেন্ট ওবামা তাকে বের করে দিতে চেয়েছিলেন। আর তিনি যদি সদস্য থাকতেন, তাহলে হয়তো এখন এই যুদ্ধটা হতো না। সে সময় তিনি খুব অপমানিত বোধ করেছিলেন। আর এখন এটা জি-৭। আমি তখনও বলেছিলাম, পুতিন এখানে নেই কেন? আর আমার ধারণা, আরও দু-একটি দেশ সেভাবেই ভোট দিয়েছে। আমি হলে এভাবে ভোট দিতাম না।’

এর মধ্যেই বৃহস্পতিবার রাতভর রুশ বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আরও একবার কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ। এতে একটি শপিং সেন্টার ও আরও দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকতে বলা হয়েছে। পাশাপাশি জ্বালানিসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা জোরদার করেছে রাশিয়া। রুশ বাহিনীর পক্ষ থেকে ওডেসায় পণ্যবাহী জাহাজ ছাড়াও ইউক্রেনের জ্বালানি স্থাপনা, ড্রোন উৎপাদন ও মজুত কেন্দ্রসহ ১৪৬ স্থানে হামলার দাবি করা হয়েছে।

জবাবে, রাশিয়ার একটি সামরিক বিমানঘাঁটি, তেল পরিবহন স্থাপনাসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার ভলগোগ্রাদ বিমানঘাঁটিতে হামলায় আর-৩৬০ নেপচুন ব্যবহার করার দাবিও করেছে কিয়েভ। যেখানে রাশিয়ার এসইউ-৩৪ বিমান মোতায়েন ছিল। এছাড়াও, পার্শ্ববর্তী এলাকার আরেকটি তেল স্থাপনায় ইউক্রেনীয় ড্রোন হামলায় ট্যাংক ধ্বংস হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর মিলেছে। রুশ ভূখণ্ডে দুটি লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলার দায় স্বীকার করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।

এএম